ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

কমিশনের পরিচালক পরিচয়ে অর্থ আদায় ও কুপ্রস্তাবের অভিযোগ

কমিশনের পরিচালক পরিচয়ে অর্থ আদায় ও কুপ্রস্তাবের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক পরিচয়ে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা আদায় এবং পরে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিক নামে এক কথিত মানবাধিকারকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মোছা. খাদিজা আক্তার শান্তা (২৫) সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী খাদিজার সঙ্গে থানায় যাতায়াতের সময় নুর আলমের পরিচয় হয়। নিজেকে মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি। এ আশ্বাসে বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ৪২ হাজার টাকা নেন।

পরে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে তাকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকিও দেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত নুর আলম সিদ্দিকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, অভিযোগটি তদন্তের জন্য থানার সেকেন্ড অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুপ্রস্তাবের অভিযোগ,অর্থ আদায়,কমিশনের পরিচালক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত