প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ নভেম্বর, ২০২৬
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, বিল ও বাঁওড় শুধু প্রাকৃতিক জলাশয় নয়; এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা, অর্থনীতি ও পরিবেশের সঙ্গে এগুলোর রয়েছে গভীর সম্পর্ক। বিশেষ করে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার অসংখ্য মানুষের জীবিকার সঙ্গে বাঁওড়ের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু সময়ের সঙ্গে পলি জমে অনেক বাঁওড় অগভীর হয়ে পড়েছে। পানি ধারণক্ষমতা কমেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের স্বাভাবিক প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ। এর প্রভাব পড়েছে মাছের উৎপাদনে এবং একই সঙ্গে স্থানীয় মৎস্যজীবীদের জীবনেও। এমন বাস্তবতায় দীর্ঘ ১৫ বছর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি বাঁওড়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের নতুন উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ৪৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর মেয়াদি 'নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা' প্রকল্পের মূল লক্ষ্য মাছের উৎপাদন অন্তত ১০ শতাংশ বাড়ানো। প্রকল্পের পরিকল্পনায় শুধু মাছের পোনা ছাড়া বা জলাশয় খননের মতো প্রচলিত কার্যক্রমই নেই; রয়েছে বাঁওড়ের পরিবেশ পুনরুদ্ধার, মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা, পোনা উৎপাদন অবকাঠামো উন্নয়ন, পানি সরবরাহ, প্রশিক্ষণ এবং সমাজভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ। অর্থাৎ, এটি শুধু উৎপাদন বৃদ্ধির প্রকল্প নয়, বরং জলাশয় ও মৎস্যসম্পদ ব্যবস্থাপনার একটি সমন্বিত উদ্যোগ।
বাঁওড়ের নির্দিষ্ট অংশ খনন করে গভীরতা ও পানি ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা বিশেষ গুরুত্বের দাবি রাখে। শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না থাকলে মাছের বসবাস ও বৃদ্ধির অনুকূল পরিবেশ নষ্ট হয়। জলাশয়ের গভীরতা বৃদ্ধি করা গেলে মাছের জন্য তুলনামূলক নিরাপদ পরিবেশ তৈরি হবে। একই সঙ্গে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ২৯টি বাঁওড়ে অভয়াশ্রম প্রতিষ্ঠার উদ্যোগও অত্যন্ত সময়োপযোগী। দেশীয় বহু প্রজাতির মাছ আজ নানা কারণে সংকটে রয়েছে। প্রজনন ও বংশবিস্তারের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে শুধু নির্দিষ্ট বাঁওড়েই নয়, আশপাশের নদী-বিলের মৎস্যসম্পদও উপকৃত হতে পারে। তবে এ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত সমাজভিত্তিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া। অতীতে অনেক উন্নয়ন প্রকল্প অবকাঠামো নির্মাণ বা সরঞ্জাম সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। কিন্তু প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন কঠিন। বাঁওড়ের প্রকৃত মৎস্যজীবীদের সম্পৃক্ত করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং ব্যবস্থাপনায় অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে প্রকল্পের সুফল আরও দীর্ঘ বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রকৃত মৎস্যজীবীদের তালিকা হালনাগাদের বিষয়টিতে। দীর্ঘদিন ধরে মৎস্যজীবী সমিতিগুলোর সদস্যতালিকা হালনাগাদ না হওয়ায় প্রকৃত জেলেদের অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। সরকারি সম্পদ ও জলাশয় ব্যবস্থাপনার সুফল যেন প্রভাবশালী বা অপ্রকৃত সুবিধাভোগীদের হাতে কেন্দ্রীভূত না হয়, তা নিশ্চিত করা জরুরি। প্রকৃত মৎস্যজীবীদের চিহ্নিত করে তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে এ প্রকল্প সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকল্পে পোনা উৎপাদন পুকুর সংস্কার, বিল নার্সারি স্থাপন, পোনা অবমুক্তকরণ, গভীর নলকূপ স্থাপন এবং বাঁওড় ব্যবস্থাপনার অফিস অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এসব কার্যক্রমের সফল বাস্তবায়ন হলে উৎপাদন বৃদ্ধির জন্য একটি কার্যকর ভিত্তি তৈরি হতে পারে। তবে প্রকল্প বাস্তবায়নে ব্যয়, কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করতে হবে। শুধু বরাদ্দ থাকলেই হবে না; প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে মাছ খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। তাই মৎস্যসম্পদ বৃদ্ধি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি খাদ্যনিরাপত্তার সঙ্গেও সম্পর্কিত। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাঁওড়গুলোর সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় মানুষের আয় বাড়বে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশীয় মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে।
সরকারের এই উদ্যোগকে সফল করতে প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহি ও স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ। প্রকল্পের কাজ কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে বাস্তব ফলাফল নিশ্চিত করতে হবে। বাঁওড়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা— এ তিনটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাঁওড়গুলো একসময় ছিল মাছের প্রাচুর্য ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সেই সম্ভাবনা আবার ফিরিয়ে আনা সম্ভব। সরকারের নতুন প্রকল্পটি সেই প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ সূচনা।
এখন প্রয়োজন পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন, যাতে পাঁচ বছর পর শুধু উৎপাদন বৃদ্ধির পরিসংখ্যান নয়, স্থানীয় মৎস্যজীবীদের জীবনমানের বাস্তব পরিবর্তনও দৃশ্যমান হয়।