প্রিন্ট সংস্করণ
০০:০০, ১১ নভেম্বর, ২০২৬
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আইনজীবীদের মাধ্যমে আবেদন করেছে বলে জানা গেছে।
একই সময়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়েছে।
প্রশ্ন হচ্ছে, একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট চাওয়ার আইনগত অধিকার কতটুকু? আর রাষ্ট্র কি তাকে নতুন পাসপোর্ট দিতে বাধ্য? এ ছাড়া শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাইলে তার উপায় কি পাসপোর্ট নিয়ে ভিসাসহ আসা নাকি বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রত্যর্পণ।
একজন আসামিকে তার সাংবিধানিক অধিকার পেতে হলে আদালতের সম্মুখে প্রথমে আত্মসমর্পণ করতে হবে। এ বিষয়ে State VS Zakaria Pintu alias Md. Zakaria Pintu 15 MLR (AD) 445/ 62 DLR (AD) ২০১০ মামলার রায়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বলেন; It is the first legal duty of the accused to surrender either before police or magistrate before invoking his constitutional right...it is an offence to harbour a criminal, rather civic duty to hand over a fugitive to the police. It is first and foremost duty of the state to bring the offenders to book in order to ensure justice in society. সে হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে পাসপোর্ট পাওয়ার অধিকার চাইতে গেলে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেটা করতে হবে ভারতে আদালতের তিনি আত্মসমর্পণ করবে, তারপর ভারত সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের নিকট প্রত্যার্পণ করবে।
অপরদিকে Writ Petition Nos. 11248 and 11249 of 2023 মামলায় দুজন ব্যক্তি বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে মামলা চলমান থাকার কারণে পাসপোর্ট ইস্যু করা হচ্ছিল না। হাইকোর্ট বিভাগ বলেন, শুধু ফৌজদারি মামলা চলমান থাকার কারণে একজন নাগরিকের পাসপোর্ট আটকে রাখা যায় না, যদি আইনগত কোনো নিষেধাজ্ঞা বা আদালতের উপযুক্ত আদেশ না থাকে।
আদালত আরও বলেন, পাসপোর্ট না দেওয়া একজন নাগরিকের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে স্বীকৃত চলাচলের স্বাধীনতার ওপর পরোক্ষ বাধা সৃষ্টি করে।
আদালত পাসপোর্ট ইস্যু করার নির্দেশ দেন। তবে শেখ হাসিনার ক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। উক্ত মামলার আবেদনকারীরা বিচারাধীন মামলার আসামি ছিলেন। তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন না। তাদের বিরুদ্ধে এমন কোনো বিশেষ পরিস্থিতিও ছিল না, যেখানে রাষ্ট্রীয় জনস্বার্থের ভিত্তিতে পাসপোর্ট প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিচারাধীন ছিল। তাই এ রায় শেখ হাসিনার ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য হবে না।
প্রথমেই বলা প্রয়োজন, নাগরিকত্ব এবং পাসপোর্ট পাওয়ার অধিকার এক বিষয় নয়। বাংলাদেশের সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ নাগরিকের আইনি সুরক্ষা, আইনের আশ্রয় ও জীবন-ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দেয়। কিন্তু এসব অধিকার কাউকে ফৌজদারি দায় বা আদালতের দণ্ডাদেশ থেকে অব্যাহতি দেয় না। The Bangladesh Passport Order, ১৯৭৩-এর অনুচ্ছেদ ৫(২) অনুযায়ী, পাসপোর্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান শেষে পাসপোর্ট ইস্যু বা প্রত্যাখ্যান করতে পারে। এর অনুচ্ছেদ ৬(২)(গ) আরও গুরুত্বপূর্ণ। এতে বলা হয়েছে, সরকারের বিবেচনায় কোনো আবেদনকারীকে পাসপোর্ট দেওয়া জনস্বার্থের পরিপন্থী হলে কর্তৃপক্ষ পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানাবে।
সুতরাং, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে আবেদন করতে পারেন। কিন্তু পাসপোর্ট পাওয়ার নিঃশর্ত অধিকার তার রয়েছে এমন দাবি আইনসম্মত নয়। তার বিরুদ্ধে দণ্ডাদেশ, বিদ্যমান পরোয়ানা, পূর্ববর্তী পাসপোর্ট বাতিলের কারণ ও রাষ্ট্রীয় জনস্বার্থ বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে।
প্রত্যর্পণের দাবি উপেক্ষা করে পাসপোর্ট ইস্যু কতটা আইনসম্মত : ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন। তার আইনজীবীরা বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনটি করেছেন। অথচ তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় রয়েছে এবং বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বিষয়টি তাই নিছক পাসপোর্ট আবেদনের নয়; এটি রাষ্ট্রীয় স্বার্থ, বিচারিক দায়বদ্ধতা ও নাগরিক অধিকারের প্রশ্ন।
পাসপোর্ট পাওয়ার অধিকার কি নিরঙ্কুশ : The Bangladesh Passport Order, ১৯৭৩-এর অনুচ্ছেদ ৫(২) অনুযায়ী, পাসপোর্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান শেষে পাসপোর্ট ইস্যু বা প্রত্যাখ্যান করতে পারে। বিশেষ করে অনুচ্ছেদ ৬(২)(গ) অনুযায়ী, সরকারের বিবেচনায় কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া জনস্বার্থের পরিপন্থী হলে পাসপোর্ট প্রত্যাখ্যান করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যমান দণ্ডাদেশ, গ্রেপ্তারি পরোয়ানা, পূর্ববর্তী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত এবং প্রত্যর্পণ সংক্রান্ত পরিস্থিতি এ বিধানের আলোকে বিবেচ্য।
প্রত্যর্পণ চুক্তির অবস্থান কী : ২০১৩ সালের India-Bangladesh Extradition Treaty-এর অনুচ্ছেদ ১ অনুযায়ী, প্রত্যর্পণযোগ্য অপরাধে অভিযুক্ত, বিচারাধীন কিংবা দণ্ডিত ব্যক্তিকে চুক্তির শর্তসাপেক্ষে প্রত্যর্পণের বিধান রয়েছে। অুনচ্ছেদ ৫ অনুযায়ী, নিজ দেশের নাগরিকত্ব প্রত্যর্পণের বাধা নয়। অন্যদিকে অনুচ্ছেদ ৮ অনুযায়ী, প্রত্যর্পণ প্রত্যাখ্যানের কিছু ভিত্তিও রয়েছে। বাংলাদেশের Extradition Act, ১৯৭৪-এর ধারা ১৫ সরকারকে চুক্তিভুক্ত রাষ্ট্র থেকে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে ফেরত চাওয়ার ক্ষমতা দিয়েছে।
পাসপোর্টের আবেদন কি অবৈধ : এখানে আইনের একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। প্রত্যর্পণের আগে পাসপোর্টের আবেদন করা যাবে না— এমন সরাসরি নিষেধাজ্ঞা Passport Order কিংবা প্রত্যর্পণ চুক্তিতে নেই। শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হলে আবেদন করতে পারেন; কিন্তু আবেদন করলেই পাসপোর্ট পাওয়ার অধিকার সৃষ্টি হয় না। একইভাবে পাসপোর্ট ইস্যু হলেও তার বিরুদ্ধে দণ্ডাদেশ বা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হবে না। তাকে দেশে ফেরানোর জন্য নতুন পাসপোর্ট ইস্যুর চেয়ে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করাই অধিক যৌক্তিক ও রাষ্ট্রীয় স্বার্থসম্মত পথ। তিনি স্বেচ্ছায় ফিরতে চাইলে আদালতে আত্মসমর্পণের সুযোগও রয়েছে। তবে কোনো অবস্থাতেই তাকে বিচারিক দায় থেকে অব্যাহতির সুযোগ তৈরি হবে না। আইনের শাসনের প্রকৃত পরীক্ষা হলো ব্যক্তি যত ক্ষমতাবানই হোন, তার জন্য আইন আলাদা হবে না; আবার রাষ্ট্রও আইন অতিক্রম করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।
লেখক : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক, এনসিপি