ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

জুমার বয়ানে ছড়িয়ে পড়ুক পারস্পরিক ভালোবাসার শিক্ষা

ফিরোজ চিশতী
জুমার বয়ানে ছড়িয়ে পড়ুক পারস্পরিক ভালোবাসার শিক্ষা

জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র কুরআনে 'জুমা' নামে একটি স্বতন্ত্র সুরা আছে। ইসলাম ধর্মে সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার (জুমা)। এ দিনের জুমার সালাতের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত আচার-অনুষ্ঠানাদি কিংবা ইবাদত-বন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। প্রতি সপ্তাহে পবিত্র জুমার নামাজ মুসলমানদের একত্রিত হওয়ার পাশাপাশি আত্মশুদ্ধি, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। মাহফিল বা অন্য যেকোনো জমায়েতের চেয়ে জুমার বয়ান সর্বস্তরের মানুষের কাছে খুব সহজে ইসলামী শিক্ষা ও বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়। তাই জুমার বয়ানে ধর্মীয় আমলের পাশাপাশি সামাজিক দায়িত্ব ও মানবিক আচরণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। নামাজ, রোজা, জিকির, তিলাওয়াত ও অন্যান্য নেক আমলের শিক্ষা মানুষের চরিত্র ও কর্মে প্রতিফলিত হওয়াই প্রকৃত সাফল্য। একজন মুসলমানের পরিচয় শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তার সততা, আচার-আচরণ, ন্যায়পরায়ণতা, সামাজিকতা, বন্ধুত্ব, সুন্দর ব্যবহার ও মানুষের প্রতি দায়িত্বশীলতার মধ্যেও ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়।

আমাদের দৈনন্দিন সামাজিক জীবনের দিকে তাকালে দেখা যায়, পরিবার, কর্মক্ষেত্র, ব্যবসাপ্রতিষ্ঠান, বিয়ে-শাদি, সালিশ-দরবার কিংবা সামাজিক অনুষ্ঠানে নানা কারণে ভুল বোঝাবুঝি থেকে পারস্পরিক বিরোধ বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে ধৈর্য, সহনশীলতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য। সামাজিক বিচার-সালিশে পক্ষপাতিত্ব নয়, ন্যায় ও সত্যের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করতে হবে। বিয়ে-শাদিতে অপচয়, অহংকার ও লোকদেখানো প্রতিযোগিতা পরিহার করে সহজ-সরল আয়োজন ও পারিবারিক সম্প্রীতিকে গুরুত্ব দিতে হবে। মেহমানদারিতে আন্তরিকতা, প্রতিবেশীর প্রতি সৌজন্য এবং আত্মীয়তার বন্ধন রক্ষায় যত্নবান হতে হবে। অন্যদিকে কর্মক্ষেত্রে মালিক-শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্মান, ন্যায্য অধিকার, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। গীবত, হিংসা, বিদ্বেষ, মিথ্যা অপবাদ, পরনিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয় করা থেকে বিরত থাকতে হবে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, 'হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোনো কোনো অনুমান পাপ। আর তোমরা একে অপরের গোপন দোষ সন্ধান করো না এবং একে অপরের গীবত (পশ্চাতে নিন্দা) করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।' (সুরা আল-হুজুরাত, আয়াত: ১২)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।' (সহিহ বুখারি, হাদিস: ১০)। জুমার বয়ানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্রের সহযোগিতা, প্রতিবেশীর অধিকার রক্ষা, পরোপকার ও মানবসেবার গুরুত্বও তুলে ধরতে হবে। মসজিদের মিম্বর থেকে উচ্চারিত নসিহত যেন বিভেদ নয়, ঐক্য সৃষ্টি করে; বিদ্বেষ নয়, ভালোবাসা ছড়ায়। সুন্দর সমাজ গঠনে ব্যক্তিগত আমলের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও মানবিক আচরণ অপরিহার্য। জুমার বয়ানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হলে গড়ে উঠবে গীবত, হিংসা ও অপবাদমুক্ত শান্তিময় সমাজ। প্রতিষ্ঠিত হবে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন।

লেখক : সূফি ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠাতা, বাব-ই-ইয়াছিন

'গুলশান-ই-ইয়াছিন মনযিল', এলাহাবাদ, দেবিদ্বার, কুমিল্লা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত