ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শিখনফলভিত্তিক প্রাথমিক শিক্ষা হোক ভবিষ্যতের ভিত্তি

শিখনফলভিত্তিক প্রাথমিক শিক্ষা হোক ভবিষ্যতের ভিত্তি

শিশুর হাতে বই তুলে দিলেই শিক্ষা নিশ্চিত হয় না, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ালেই শিক্ষার মান উন্নত হয় না, আর পরীক্ষায় ভালো ফল করলেই প্রকৃত শেখা নিশ্চিত হয়েছে— এমনটিও বলা যায় না। শিক্ষার আসল মানদণ্ড হলো, একটি শিশু বিদ্যালয়ে গিয়ে কী শিখছে এবং সেই শেখা তার চিন্তা, দক্ষতা ও ভবিষ্যৎ জীবন গঠনে কতটা কাজে লাগছে। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার সামনে আজ এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই ২০২৮ সালের নতুন কারিকুলামে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলার সরকারের উদ্যোগ সময়োপযোগী।

দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষাব্যবস্থায় মুখস্থনির্ভরতা ও পরীক্ষার ফলকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতা রয়েছে। অনেক শিক্ষার্থী ভালো ফল করলেও ভাষা, গণিত ও বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতায় পিছিয়ে থাকে। এ সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীর বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন জরুরি। নতুন কারিকুলামে সে লক্ষ্য অর্জনের সুযোগ রয়েছে।

প্রাথমিক স্তরে শিশুদের শেখার পরিবেশ হতে হবে আনন্দময় ও কৌতূহলনির্ভর। খেলাধুলা, শিক্ষণীয় খেলনা, ব্যবহারিক কার্যক্রম ও সহজবোধ্য পাঠদানের মাধ্যমে শেখার প্রতি আগ্রহ তৈরি করা সম্ভব। বাংলা, ইংরেজি ও গণিতে মৌলিক দক্ষতা অর্জনের পাশাপাশি বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগও শিশুদের বহুমুখী বিকাশে সহায়ক হবে।

শিক্ষার মানোন্নয়নে পুষ্টির বিষয়টিও উপেক্ষা করা যায় না। ক্ষুধার্ত ও অপুষ্টিতে ভোগা শিশুর পক্ষে মনোযোগ দিয়ে পড়াশোনা করা কঠিন। বর্তমানে ১৫১টি উপজেলায় চালু থাকা মিড-ডে মিল কর্মসূচি ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা ইতিবাচক। তবে খাবারের পুষ্টিমান, নিরাপত্তা ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের অংশগ্রহণ এবং কার্যকর তদারকি জরুরি।

একইভাবে 'ওয়ান টিচার, ওয়ান ট্যাব' ও স্মার্ট ক্লাসরুম উদ্যোগকে শুধু প্রযুক্তিপণ্য বিতরণের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে পাঠদানকে সহজ ও কার্যকর করতে হবে। দুর্গম, চরাঞ্চল ও পাহাড়ি এলাকার বিদ্যালয়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা নিশ্চিত করাও প্রয়োজন।

তবে কারিকুলাম যত উন্নতই হোক, দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক ছাড়া তার সুফল পাওয়া সম্ভব নয়। শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং শ্রেণিকক্ষে নতুন পদ্ধতি প্রয়োগের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের ভবন, আসবাবপত্র, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থাও শিশুবান্ধব হতে হবে।

প্রাথমিক শিক্ষার সংস্কারে কারিকুলাম, শিক্ষক, প্রযুক্তি, অবকাঠামো ও মনিটরিং— সব ক্ষেত্রকে সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ রাখা যাবে না। একটি শিশু কতটা বুঝতে শিখছে, প্রশ্ন করতে পারছে, নিজের চিন্তা প্রকাশ করছে এবং নৈতিক মূল্যবোধ অর্জন করছে, সেটিও বিবেচনায় নিতে হবে।

সরকারের নতুন উদ্যোগ আশাব্যঞ্জক। তবে পরিকল্পনার সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা, ধারাবাহিকতা ও জবাবদিহির ওপর। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে, প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যৎ নির্মাণ। তাই প্রতিটি শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করাই হোক শিক্ষাব্যবস্থার প্রধান লক্ষ্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত