প্রিন্ট সংস্করণ
০০:০০, ২১ নভেম্বর, ২০২৬
জিপিএ ফাইভ না পেয়ে অনেক শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। ফলাফল প্রকাশের পর থেকেই অনেকের চোখে মুখে হতাশা, অনেকের মনে ভয়, অনেকেই ভাবছে আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু সত্যিটা হলো, একটা রেজাল্ট কখনোই একটা মানুষের পুরো জীবন ঠিক করে দিতে পারে না।
পবিত্র কুরআনের সূরা বাকারায় বলা হয়েছে— নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এ অনিশ্চিত সময়ে ধৈর্যধারণ করাটাই সবচেয়ে জরুরি। শুধু একটা জিপিএ ফাইভ দিয়ে কারও সমগ্র জীবনের গতিবিধি পরিমাপ করা যায় না। জীবনটা একটা পরীক্ষার খাতা নয়, যে একদিন খারাপ লিখলেই সব শেষ। জীবনটা অনেক লম্বা একটা যাত্রা। এখানে হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং নতুন করে উঠে দাঁড়ানোর সুযোগ।
আমাদের চারপাশে তাকালেই দেখা যায়, অনেকেই এসএসসি বা এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েও বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। আবার অনেক পিছিয়ে পড়া শিক্ষার্থী, যারা জিপিএ ফাইভ পায়নি, তারা পরিশ্রম আর জেদ দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে এমন অসংখ্য শিক্ষার্থী পড়ছে, যারা একসময় জিপিএ ফাইভ পায়নি বলে কেঁদেছিল। আজ তারাই সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আসলে জিপিএ ফাইভ একটা ভালো ফল, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটাই সবকিছু নয়। ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন আসে, সেখানে শুধু মুখস্থ বিদ্যা কাজে লাগে না, কাজে লাগে বোঝার ক্ষমতা, ধৈর্য আর নিয়মিত চর্চা। যে ছেলেটা বা মেয়েটা জিপিএ ফাইভ পায়নি, সে যদি আজ থেকে ঠিকভাবে পড়া শুরু করে, তাহলে সেও আগামী দিনে সেরাদের কাতারে চলে আসতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নতুন করে শুরু করার সুযোগ দেয়। সেখানে সবাই সমান। সেখানে দেখা হয় না কে অতীতে কত পেয়েছিল, দেখা হয় আজ কে কতটা পরিশ্রমী। এ সময়ে অনেকে অতিরিক্ত হতাশ হয়ে বিপথগামী হয়ে যায়। কেউ পড়াশোনা ছেড়ে দেয়, কেউ নিজেকে গুটিয়ে নেয়, কেউ আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু মনে রাখতে হবে, একটি পরীক্ষার ফল কখনোই জীবনের চেয়ে বড় নয়। এই সময়ে আত্মহত্যার মতো কোনো পথ বেছে নেওয়া যাবে না। একটা খারাপ রেজাল্টের জন্য নিজের মূল্যবান জীবনটা শেষ করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না। জীবন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত। একটা পরীক্ষায় খারাপ করেছো মানে তুমি ব্যর্থ মানুষ নও, তুমি শুধু একটা ধাপে পিছিয়ে আছো।
এ কঠিন সময়ে পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরিবারকে সন্তানের প্রতি আস্থা রাখতে হবে, আস্থা হারানো যাবে না। একটা সন্তান যখন খারাপ রেজাল্ট করে, তখন তার সবচেয়ে বেশি দরকার হয় মা-বাবার একটু সাহস, একটু ভালোবাসা। বকাঝকা, তুলনা করা, পাশের বাসার ছেলের সাথে তুলনা দেওয়া এই সময়ে সন্তানকে আরও ভেঙে দেয়। বরং বলতে হবে, সমস্যা নেই, তুমি পারবা, আমরা তোমার পাশে আছি। এই একটা কথাই একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।
পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলা এ সময়ে মানসিক শক্তি জোগায়। আল্লাহর কালাম, রাসূলের হাদিস নিয়মিত পাঠ করতে হবে ও আল্লাহকে স্মরণ করতে হবে। যখন মন খারাপ লাগবে, তখন নামাজে দাঁড়িয়ে গেলে মনটা হালকা হয়ে যাবে। অন্য ধর্মের যারা আছেন তারাও নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চললে মনে প্রশান্তি পাবেন। স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে কখনও হারতে দেয় না।
পড়াশোনাকে মানসিক চাপ হিসেবে না দেখে শেখার আনন্দ হিসেবে নিতে হবে। এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক বিশ্লেষণ করতে হবে। কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, প্রশ্নের ধরন কেমন, এগুলো বুঝে রুটিন মাফিক পড়তে হবে। প্রতিদিন অল্প অল্প করে পড়লেও সেটা নিয়মিত হতে হবে। আজ ১০ ঘণ্টা পড়ে কাল সারাদিন না পড়ার চেয়ে প্রতিদিন ৫ ঘণ্টা করে পড়া অনেক বেশি কার্যকর। নিজের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে হবে। ইংরেজিতে দুর্বল হলে ইংরেজিতে বেশি সময় দিতে হবে। বাংলায় সমস্যা থাকলে বাংলা ব্যাকরণটা ভালো করে ঝালাই করে নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস করতে হবে। মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষায় তারাই এগিয়ে থাকে যারা গুছিয়ে পড়ে। বাংলাদেশে ভর্তি পরীক্ষাকে ভর্তিযুদ্ধ বলা হয়। এ ভর্তিযুদ্ধে টিকে থাকতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। কঠোর ইচ্ছা শক্তি, অধ্যবসায় ও ধৈর্যই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। যারা আজ হতাশ, তারাই যদি আজ থেকে নিজেকে বদলে ফেলে, তাহলে আগামী বছর এই সময়ে তারাই হবে অন্যদের অনুপ্রেরণা।
লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়