ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্ব টেলিভিশন দিবস

গণমাধ্যমের শক্তি হোক সত্য ও জনকল্যাণের হাতিয়ার

নজরুল ইসলাম
গণমাধ্যমের শক্তি হোক সত্য ও জনকল্যাণের হাতিয়ার

প্রতি বছর ২১ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব টেলিভিশন দিবস। ১৯৯৬ সালের ২১ ও ২২ নভেম্বর জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত প্রথম বিশ্ব টেলিভিশন ফোরামের স্মরণে জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর বাংলাদেশেও দিনটি পালিত হয়ে আসছে। বিশ্বজুড়ে তথ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন প্রচারে টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরাই এ দিবসের মূল উদ্দেশ্য। আধুনিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগেও টেলিভিশন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

একসময় টেলিভিশন ছিল মানুষের কাছে বিস্ময়ের এক নতুন জানালা। সাদাকালো পর্দার মধ্য দিয়ে শুরু হওয়া টেলিভিশনের যাত্রা আজ রঙিন ও উচ্চপ্রযুক্তির স্মার্ট টেলিভিশনে এসে পৌঁছেছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বদলে গেছে টেলিভিশনের অনুষ্ঠান, সম্প্রচার পদ্ধতি ও দর্শকদের দেখার অভ্যাস। এখন ঘরে বসেই বিশ্বের যেকোনো প্রান্তের সংবাদ, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদন উপভোগ করা সম্ভব হচ্ছে। ফলে টেলিভিশন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের জ্ঞান, চিন্তা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসেও টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় ডিআইটি ভবন থেকে পাকিস্তান টেলিভিশনের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হিসেবে নতুন পরিচয়ে যাত্রা অব্যাহত রাখে। দীর্ঘদিন ধরে বিটিভি দেশের মানুষের সংবাদ, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের অন্যতম প্রধান উৎস ছিল। বিশেষ করে গ্রামবাংলার মানুষের কাছে টেলিভিশন ছিল বাইরের পৃথিবীকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

বর্তমানে বাংলাদেশে সরকারি ও বেসরকারি অসংখ্য টেলিভিশন চ্যানেল সংবাদ, টকশো, নাটক, সংগীত, খেলাধুলা, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করছে। এসব অনুষ্ঠান মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা ও সামাজিক সচেতনতার ওপর প্রভাব ফেলছে। বিশেষ করে দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড কিংবা জাতীয় সংকটের সময় টেলিভিশনের মাধ্যমে দ্রুত সতর্কবার্তা ও প্রয়োজনীয় তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। কৃষকদের জন্য কৃষিবিষয়ক অনুষ্ঠান, শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসচেতনতামূলক অনুষ্ঠান টেলিভিশনের ইতিবাচক ভূমিকার পরিচয় বহন করে। তবে টেলিভিশনের দায়িত্ব কেবল সংবাদ পরিবেশন কিংবা বিনোদন দেওয়া নয়। একটি দায়িত্বশীল টেলিভিশন চ্যানেলের প্রধান কর্তব্য হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার, জনস্বার্থ রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজের অসংগতি তুলে ধরা। দুর্নীতি, অনিয়ম, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, মাদক, বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে জনমত গঠনে টেলিভিশন কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ইতিহাস, দেশের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। কিন্তু বর্তমান সময়ে টেলিভিশন সাংবাদিকতার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রতিযোগিতার বাজারে দর্শক আকর্ষণের জন্য অনেক সময় চাঞ্চল্যকর সংবাদ, অসম্পূর্ণ তথ্য কিংবা যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচারের প্রবণতা দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা, অতিরঞ্জিত উপস্থাপনা এবং রাজনৈতিক পক্ষপাত সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অথচ সংবাদমাধ্যমের মূল শক্তি হলো মানুষের আস্থা। তাই সংবাদ প্রচারের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা অত্যন্ত জরুরি। এদিকে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে টেলিভিশনের দর্শকসংখ্যা ও সংবাদ গ্রহণের অভ্যাসেও পরিবর্তন এসেছে। এখন অনেকেই মোবাইল ফোনে অনলাইন সংবাদ, ভিডিও ও সরাসরি সম্প্রচার দেখেন। ফলে টেলিভিশন চ্যানেলগুলোও ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের সম্প্রসারণ করছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্যের বিস্তার রোধে পেশাদার টেলিভিশন সাংবাদিকতার দায়িত্ব আরও বেড়েছে।

লেখক : গণমাধ্যমকর্মী

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত