প্রিন্ট সংস্করণ
০০:০০, ৩০ নভেম্বর, ২০২৬
নদী একটি দেশের প্রাকৃতিক সম্পদ, পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান অবলম্বন। অথচ অপরিকল্পিত নগরায়ণ, দখল ও দূষণের কারণে রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো আজ অস্তিত্ব সংকটে। একসময় যে নদীগুলো ছিল ঢাকার প্রাণ, সেগুলোর অনেক জায়গায় এখন গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, শিল্পকারখানা ও নানা ধরনের অবকাঠামো। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নগরবাসীকে প্রতিবছর জলাবদ্ধতা ও নানা পরিবেশগত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এমন বাস্তবতায় রাজধানীর চারপাশের নদ-নদীর দুই তীরে ১০০ মিটারের মধ্যে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নিঃসন্দেহে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় নতুন সরকারি ও বেসরকারি স্থাপনা নির্মাণের সুযোগ সীমিত হবে। তবে শুধু সিদ্ধান্ত গ্রহণই যথেষ্ট নয়, এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে নদী রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হলেও দখল ও দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখল উচ্ছেদে অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা গেছে। তাই এবার কোনো ধরনের প্রভাব বা স্বার্থের কাছে নতি স্বীকার না করে সিদ্ধান্ত কার্যকর করতে হবে।
নদীর দুই তীরে ১০০ মিটারের সুরক্ষা বলয় গড়ে তোলা গেলে এর বহুমুখী সুফল পাওয়া সম্ভব। প্রথমত, নদীর স্বাভাবিক প্রবাহ ও জলধারণক্ষমতা বজায় থাকবে। বর্ষাকালে অতিরিক্ত পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হবে না। ফলে নগরের জলাবদ্ধতা কমাতে এটি সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, নদীর তীরবর্তী এলাকায় পরিকল্পিতভাবে গাছপালা, উন্মুক্ত স্থান ও সবুজায়ন গড়ে তোলার সুযোগ তৈরি হবে। নদী, জলাশয়, পার্ক ও সবুজ এলাকার মধ্যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে উঠতে পারে একটি কার্যকর গ্রিন-ব্লু নেটওয়ার্ক। এর ফলে নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।
নদীর তীরকে শুধু অবকাঠামো নির্মাণের জায়গা হিসেবে বিবেচনা না করে জনসাধারণের জন্য উন্মুক্ত গণপরিসরে পরিণত করার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত। পরিকল্পিত নদীতীর হতে পারে হাঁটাচলা, শরীরচর্চা, অবসরযাপন ও বিনোদনের উপযুক্ত স্থান। পাশাপাশি দেশীয় প্রজাতির গাছপালা ও জলজ উদ্ভিদের বিস্তার ঘটিয়ে নদীতীরের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। এতে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি ঢাকার নান্দনিক সৌন্দর্যও বাড়বে।
তবে সুরক্ষা বলয় বাস্তবায়নের আগে নদীর প্রকৃত সীমানা নির্ধারণ অত্যন্ত জরুরি। বিআইডব্লিউটিএর স্থাপিত সীমানা পিলার থেকে ১০০ মিটার দূরত্ব পরিমাপের কথা বলা হলেও নদীর স্বাভাবিক গতিপথ, তীরভূমি ও মৌসুমি পরিবর্তনের বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বৈজ্ঞানিক জরিপ ও আইনগত ভিত্তি নিশ্চিত করা প্রয়োজন। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় না থাকলে বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নদী রক্ষার উদ্যোগ যেন কেবল রাজধানী কেন্দ্রিক না থাকে। দেশের সব নদী, খাল ও জলাশয় সংরক্ষণে একই ধরনের কার্যকর পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। নদী দখলমুক্ত করার পাশাপাশি শিল্পবর্জ্য, পয়োবর্জ্য ও কঠিন বর্জ্য নিঃসরণ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিয়মিত তদারকি, আইনের প্রয়োগ এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
মনে রাখতে হবে, নদী রক্ষা মানে শুধু একটি জলপ্রবাহকে বাঁচিয়ে রাখা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, নগরের ভবিষ্যৎ ও মানুষের জীবনমান। তাই ঢাকার চারপাশের নদীতে ১০০ মিটার সুরক্ষা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা ও জনসম্পৃক্ততার মাধ্যমে এর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে রাজধানীর পরিবেশ পুনরুদ্ধার এবং বাসযোগ্য নগর গড়ে তোলার পথে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।