ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গম এলাকায় কী করছেন অভিনেতা আফরান নিশো

দুর্গম এলাকায় কী করছেন অভিনেতা আফরান নিশো

কোনো এক দুর্গম জায়গায় দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে। তার সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে শুনলেই আপনা-আপনি মনে চলে আসে ‘দম’ সিনেমার কথা। তাহলে কি ‘দম’ সিনেমার কাজেই দুর্গম এলাকায় দম টিম?

এ নিয়ে নিশ্চিত কিছু জানা জায়নি। তবে নির্মাতা রেদওয়ান রনি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছবি-ক্যাপশনের মাধ্যমে তেমনটাই ধারণা দিয়েছেন। নির্মাতা তার ইনস্টাগ্রাম-ফেসবুকে কিছু ছবি পোস্ট করে লিখেছেন ‘দম’ এর দম পরীক্ষা। এ নিয়েই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। দর্শকরা মনে করছেন ঠিকভাবেই চলছে সিনেমার কাজ।

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতাণ্ডশিল্পী। জায়গা দেখে অনুমেয় কতোটা রোমহর্ষক হতে পারে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ! কতোটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে। নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্যধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়। কাজাখস্তানে চলছে লোকেশন রেকি।

দম সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনি।

দম সিনেমায় অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। সিনেমায় যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, ‘সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’ অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘দম সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’

সিনেমায় প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে দম টিমের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত