
ভালোবাসা দিবস মানেই নতুন গান, নতুন গল্প, নতুন অনুভূতির স্পর্শ। সেই আবহেই ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পেতে যাচ্ছে প্রতীক ইয়াসিরের কণ্ঠে নতুন গান ‘মেট্রো’। ব্যস্ত নগরজীবনের ভিড়ে হঠাৎ দেখা হওয়া এক অচেনা মেয়েকে ঘিরে গড়ে ওঠা এক নীরব, আবেগময় প্রেমকথাই এই গানের মূল উপজীব্য। শহুরে জীবনের দ্রুতগামী ছন্দের মধ্যেও যে হৃদয় থেমে যেতে পারে এক জোড়া মায়াবী চোখে ‘মেট্রো’ যেন সেই গল্পই শোনায়। গানটির কথা লিখেছেন নাবিল শুভ্র ও প্রতীক ইয়াসির। সুর করেছেন সেতু চৌধুরী এবং সংগীত পরিচালনায় আছেন আমজাদ হোসাইন। প্রেম, স্মৃতি আর হারিয়ে ফেলার বেদনায় গড়া এই গানটি প্রকাশিত হবে প্রতীক ইয়াসিরের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানের শুরুতেই উঠে আসে এক চেনা দৃশ্য মেট্রোরেলে যাতায়াত। ব্যস্ত নগরজীবনে প্রতিদিন হাজারো মানুষের ভিড়, তবুও সেই ভিড়ের মধ্যে কখনও কখনও চোখ আটকে যায় কারও ওপর। গানের কথায় আছে, ‘মেট্রো রেলে মেয়েটি মায়াবী চাহনি দিয়ে ঘুম ভাঙা কবিতায় পাগল হারা করলে আমায়’।