ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেলার

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেলার

বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর- তবু বিয়ে সবার জন্য নয়। গল্পের নায়ক-নায়িকা ফারহান ও আমিরা এমনই এক বাস্তবতার মুখোমুখি হয় যখন তারা দুজনেই বুঝতে পারে একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। এমন বাস্তবতায় তারা বুঝতে পারে না কী করবে। দুঃখজনকভাবে, সুখ তখন তাদের দুজনের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার ঠিক বিপরীতে বা ওপারে কোথাও! ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেইঙ্গে তাদের পরিবার ও সমাজের চাপ, সব মিলিয়ে চলতে থাকে গল্প। আর সে গল্পের নামই ‘একসাথে আলাদা’। ঈদুল ফিতরে হইচইয়ে মুক্তি পাচ্ছে রেজাউর রহমান পরিচালিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। গত রোববার হইচইয়ের সব সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। ভালোবাসা, বিশৃঙ্খলা আর অগণিত অনুভূতির এই কমেডি-ড্রামায় আমরা দেখি কীভাবে তারা সমাজের প্রত্যাশার ভার সামলে নিজের মানসিক শান্তি ও সত্যিকারের সুখের খোঁজে এগিয়ে যেতে শেখে। ১ ঘণ্টা ব্যাপ্তির রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্মটির নির্মাতা রেজাউর রহমান। হইচইয়ে এটাই হতে যাচ্ছে তার প্রথম কাজ। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা। সেইসঙ্গে এই জুটিকে হইচইয়ের পর্দায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে। তাঁদের দুইজনকে ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

ফিল্মটির পরিচালক রেজাউর রহমান আগে সমসাময়িক গল্পের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ- সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াস আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’

অভিনেতা ইয়াস রোহান বলেন, ‘স্ক্রিপ্টটা পড়েই মনে হয়েছিল এটা খুব পরিচিত এক গল্প- যা আমাদের চারপাশেই ঘটে। সেজন্যই এতে যুক্ত হই আমি। রেজাউরের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ্য। ট্রেইলর প্রকাশ হলো, আশা করছি ওয়েবফিল্মটি মুক্তির পর দর্শকরা আরও ভালো কিছু পাবেন।’ অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডি, কিন্তু এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে, আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’ সিনেমাটি গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত