ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মেহজাবীন-প্রীতমের ‘ক্যাকটাস’র ট্রেলার প্রকাশ

মেহজাবীন-প্রীতমের ‘ক্যাকটাস’র ট্রেলার প্রকাশ

ঈদের দিন ঘরে বসে প্রিয়জনের সঙ্গে উপভোগের অন্যতম মাধ্যম ওটিটি। ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের স্পাই-থ্রিলার সিরিজ ‘ক্যাকটাস’। ১৩ মার্চ দুপুরে প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। ট্রেলার দেখে ধারণা করা যায় ‘ক্যাকটাস’-এর গল্প আবর্তিত হয়েছে মানসিভ নামের এক হ্যাকারকে কেন্দ্র করে। মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। ট্রেলারে তাকে কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। প্রীতম হাসান জানান, মানসিভ চরিত্রটির একটি জার্নি আছে যা চরিত্রটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়, সেটি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চাইবেন। অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয় করেছেন অনুরা চরিত্রে। এই সিরিজে তাকে একদম নতুন অবতারে- শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং অ্যাকশন লুকে দেখা যাবে। ট্রেলার দেখে ধারণা করা যায় চরিত্রটির মধ্যে রহস্যও লুকিয়ে আছে।

মেহজাবীন বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটি ভীষণ ইন্টারেস্টিং। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি।’

সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা জানান, ‘ক্যাকটাস’ গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি কাজ হতে যাচ্ছে। এর গল্পের পরিসর অনেক বড় করে চিন্তা করেছি আমরা। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ঈদে দর্শকদের জন্য চরকি সিরিজ মুক্তি দিয়ে আসছে এবং প্রতিবারই দর্শকরা সেই কনটেন্টকে ভালোবাসা দিয়েছেন, জনপ্রিয় করে তুলেছেন। আশা করছি ‘ক্যাকটাস’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরা আমাদের সেরাটা দিয়ে একটি বুদ্ধিদীপ্ত সিরিজ দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেছি।’ নির্মাতা শিহাব শাহীনের স্পাই-থ্রিলার সিরিজটি ওটিটিতে দর্শকরা দেখতে পারবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে। ‘ক্যাকটাস’ এর গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন।

মেহজাবীন ও প্রীতম ছাড়াও আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত