
দক্ষিণে বিয়ের ধুম পড়েছে। রাশমিকা মান্দানার পর বিয়ের পিঁড়িতে বসছেন ‘বাহুবলী’ সিনেমার নায়িকা আনুশকা শেঠি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এদিকে আনুশকার বিয়ের কথা চাউর হতেই অনেকের মুখে আসছে প্রভাসের নাম। কেননা দক্ষিণে অনেকদিন ধরেই প্রচলিত, বিজয়ের যেমন রাশমিকা তেমনই আনুশকার প্রভাস। তবে নতুন খবর হচ্ছে প্রভাস নন, পরিবারের পছন্দের পাত্রের গলায় মালা দিচ্ছেন আনুশকা।
জানা গেছে আনুশকার হবু স্বামী ব্যবসায়ী। দুই পরিবারের ঘনিষ্ঠতা অনেক বছরের। দুই পক্ষ এক হয়ে বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। তাতে আপত্তি জানাননি নায়িকা। কারণ, পরিবারের পছন্দের পাত্রের সঙ্গেই নাকি চলছে হৃদয়ের লেনদেন।
শোনা যাচ্ছে, দুই পরিবার এক হয়ে গোপনে বিয়েটা সারতে চান। ঘরোয়া পরিবেশে, ঘনিষ্ঠদের উপস্থিতিতে চার হাত এক হতে চলেছে। যদিও বিয়ের তারিখ এখনও ঠিক হয়নি। তবে বিয়ে সংক্রান্ত আলাপ-আলোচনা নাকি দুই পক্ষের মধ্যেই চলছে। এতে আনুশকার ঘনিষ্ঠদের ধারণা, চলতি বছরই সানাই বাজতে চলেছে আনুশকার বিয়ের।