ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চা বাগানের অজানা গল্প নিয়ে আসছে ‘চা গরম’

চা বাগানের অজানা গল্প নিয়ে আসছে ‘চা গরম’

গত রোববার প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’-এর অফিশিয়াল পোস্টার। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে গল্পটির সঙ্গে ‘চা’-এর সম্পর্ক রয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়েছেন, চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবন মানের কিছু কিছু অংশ এই ফিল্মে পাবেন দর্শকরা। কিন্তু শঙ্খ দাশগুপ্ত এত সহজভাবে গল্প বলার নির্মাতা নন। সেটা স্পষ্ট চরকি অরিজিনাল সিরিজ ‘গুটি’ কিংবা প্রেক্ষাগৃহে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’তে।

‘চা গরম নিয়ে শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে- সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।’

আশ্চর্যজনকভাবে শঙ্খ দাশগুপ্ত জানালেন, যখন তিনি চা বাগানে গিয়ে গল্প তৈরির জন্য থাকা শুরু করলেন, তখন জানতে পারলেন চা বাগান সম্পর্কে খুব বেশি কিছু তিনি জানেন না, এমনকী সাধারণ মানুষও জানেন না। সে জানা, না জানা গল্পই হয়তো এবার ‘চা গরম’ কনটেন্টে দেখানোর প্রয়াস নিয়েছেন নির্মাতা। ধাপে ধাপে আরও চমকে যাওয়ার মতো তথ্য জানাবেন বলে জানিয়েছেন শঙ্খ দাশগুপ্ত।

‘চা গরম’ ফিল্মটি চরকিতে মুক্তি পাবে বৈশাখকে কেন্দ্র করে অর্থাৎ ১৪ এপ্রিল। বৈশাখে যেমন পুরনো গ্লানিকে পেছনে ফেলে নতুনের আহ্বান থাকে, ‘চা গরম’ ফিল্মেও কী তেমন কিছু থাকবে? কিছু বলেননি নির্মাতা। তবে তরুণ শিল্পীদের দিয়েই কাজটি করিয়েছেন তিনি। ফিল্মটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। পোস্টারে তাদের চরিত্র নিয়ে খুব ভালো ধারণা পাওয়া যায়নি। তবে শিগগিরই টিজার বা ট্রেলার প্রকাশের মাধ্যমে সেই আগ্রহ বা অপেক্ষা দূর হবে দর্শকদের।

ফিল্মটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে চার অভিনয়শিল্পী জানিয়েছেন তাদের বক্তব্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত