
সংগীতশিল্পী প্রতীক ইয়াসির। গানের প্রতি ভালোবাসা আর অদম্য আগ্রহ থেকেই কিশোর বয়সে তার সংগীতজগতে পথচলা শুরু। মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার সময় ‘ফেবলস’ নামের একটি ব্যান্ডে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দিয়েই প্রথম মঞ্চে পা রাখেন তিনি।
শুরু থেকেই সংগীতের প্রতি তার একাগ্রতা আর দৃঢ় মনোভাব তাকে এগিয়ে নিয়ে যায় সামনে। এরপর ১৯৯৮ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন ‘সাউন্ড’ নামের ব্যান্ড। এটি তার সংগীত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে ওঠে।
নিজস্ব চেষ্টায় একের পর এক গান তৈরি করেছেন ইয়াসির। ভিন্নধর্মী সুর ও প্রজন্মভিত্তিক বৈচিত্র্য এনে তিনি শ্রোতাদের দিয়েছেন নতুন অভিজ্ঞতা। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে তার ব্যান্ড ‘সাউন্ড’ থেকে প্রকাশ পায় কয়েকটি মিক্সড অ্যালবাম ‘প্রথম’ ও ‘অতীত স্মৃতি’, যা সে সময়ের শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি।