
ভারতে অবৈধভাবে অবস্থানের পর সাজা ভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাদের দুই বছরের শিশু সন্তান।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপির সীমান্ত পিলার ১৮/৮-এস সংলগ্ন শূন্যরেখা দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ধরাদোয়া ধেথলার (ডেপুয়ারপাড়) গ্রামের মো. আল আমিন শেখ (২০), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের দুই বছরের শিশু সন্তান আরমান শেখ।
বিজিবি সূত্রে জানা যায়, ভালো কাজের আশায় তারা দীর্ঘদিন আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তারা আটক হন। পরে সাজা ভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
হস্তান্তর প্রক্রিয়া শেষে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ ফেরত আসা তিনজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাদের যশোরের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থাটির প্রতিনিধিরা তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।