
দীর্ঘদিন পর শ্রোতাদের জন্য বড় ধামাকা নিয়ে আসছেন সংগীতশিল্পী বালাম। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন একক গান ও মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’। গত রোববার সামাজিক মাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বালামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মূল গান এবং এর অফিসিয়াল মিউজিক ভিডিওটি অবমুক্ত করা হবে। ‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’- এমন আকুতিভরা কথার এই গানটি যৌথভাবে লিখেছেন বালাম ও রশিদ নিউটন। সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। টিজারে বালামকে দেখা গেছে সম্পূর্ণ নতুন, চমকপ্রদ এক লুকে। কাঁধ অব্দি ঝুলে থাকা লম্বা ড্রেডলক চুল, মাথায় জড়ানো ব্যান্ডানা এবং গায়ে জড়িয়েছেন যাযাবর বা সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক। হাতে গিটার নিয়ে কিংবা পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের পানে তাকিয়ে তার গাওয়ার ভঙ্গি মিউজিক ভিডিওটিতে আধ্যাত্মিক এক আবহ তৈরি করেছে। জানা গেছে, ‘মাওলা’ গানটির দৃশ্যধারণ হয়েছে নেপালের কালিনচকে। নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানটির বড় চমক বালামের স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়া।