ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘আলাদা কোনো মুখোশ পরার চেষ্টা করি না’

‘আলাদা কোনো মুখোশ পরার চেষ্টা করি না’

তারকাখ্যাতির চাকচিক্য দেখে সাধারণ মানুষের মনে হতে পারে, অভিনেতাদের জীবন বুঝি শুধুই আনন্দের। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা একেবারেই ভিন্ন। রূপালি পর্দার পেছনের সেই অন্ধকার ও একাকীত্ব নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। তার মতে, অভিনয়ের জগতের এই মানসিক সংগ্রাম অনেকেরই অজানা। বাইরে থেকে জীবন যেমনই লাগুক না কেন, ভেতরে ভেতরে অভিনেতারা এক গভীর একাকীত্বের মধ্য দিয়ে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকাখ্যাতির এই মানসিক চাপ ও নিঃসঙ্গতা নিয়ে অকপট কথা বলেছেন বরুণ। তিনি দাবি করেন, বিনোদন জগতের প্রায় ৯০ শতাংশ অভিনেতাই চরম একাকীত্বে ভোগেন। বরুণ ধাওয়ান জানান, ক্যারিয়ারের শুরুর দিনগুলোতেই তিনি এই নির্মম সত্যটি টের পেয়েছিলেন। আর সেই কারণেই পর্দায় এবং বাস্তব জীবনে নিজের আলাদা কোনো ভাবমূর্তি বা ‘ব্যক্তিত্ব’ তৈরি না করার সিদ্ধান্ত নেন তিনি। তার কথায়, ‘আমি শুরু থেকেই যেমন ছিলাম, এখনও ঠিক তেমনই আছি। ক্যামেরার সামনে যে বরুণ, ক্যামেরার পেছনেও সেই একই মানুষ। আমি আলাদা কোনো মুখোশ পরার চেষ্টা করি না। কারণ ডাবল পারসোনালিটি নিয়ে চললে তা মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। আমি ভান ধরতে পারি না। কারণ অভিনয় করতে করতে যে বুদবুদটা তৈরি হবে, তা একদিন না একদিন ফেটে যাবেই।’ তিনি বলেন, ‘আমার আগের সাক্ষাৎকারগুলো দেখলে বুঝবেন, আমি সবসময়ই স্পষ্টভাষী ছিলাম। অনেক সময় উল্টোপাল্টা কথাও বলে ফেলতাম। এখন সোশ্যাল মিডিয়ার ভয়ে মানুষ খুব সাবধানে কথা বলে। কিন্তু স্পষ্ট কথা বললে বড়জোর কী হতে পারে? তারা আপনাকে বয়কট করবে, এই তো।’ কথাপ্রসঙ্গে কিছুদিন আগে ভাইরাল হওয়া বলিউড ভাইজান সালমান খানের একটি গভীর রাতের পোস্টের প্রসঙ্গও টেনে আনেন বরুণ। তিনি বলেন, ‘রাতে যখন সালমান ভাইয়ের পোস্টগুলো দেখছিলাম, তখন মনে হচ্ছিল তিনি যেন অন্য এক জগতে চলে গেছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত