
দেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিম। আরণ্যক নাট্যদলের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরুর পর ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন নাটক। নব্বই দশকের বরেণ্য এ অভিনেতা তার অভিনয় দিয়ে দেশজুড়ে দর্শকের কাছে পরিচিত মুখ হলেও অনেকেরই অজানা, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার আগে আজিজুল হাকিম একজন ফার্স্ট ডিভিশন ফুটবলার ছিলেন। খেলতেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে।
দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফেলে আসা ফুটবল জীবনের স্মৃতি রোমন্থন করেন গুণী এ অভিনেতা।
ফুটবলের প্রতি ভালোবাসার শুরু কোথা থেকে সে প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, আমার ফুটবল খেলা শুরু স্কুলজীবন থেকে। স্কুলে ফুটবল খেলতাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতাম। আমাদের স্কুলে কাউসার স্যারের উৎসাহ ও তত্ত্বাবধানেই ফুটবল খেলতাম। সেই স্মৃতি আজও ভুলিনি। তখন আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা হতো, সেখানে অনেক উৎসাহ নিয়ে অংশ নিতাম। এভাবেই ফুটবলের প্রতি আমার ভালোবাসা জন্ম নেয়।
ফুটবল খেলার জন্য তার বাবার থেকেও অনেক উৎসাহ পেতেন জানিয়ে অভিনেতা বলেন, আমার আব্বা ফুটবল খেলার জন্য খুব উৎসাহ দিতেন। আব্বা স্বপ্ন দেখতেন, আমি বড় ফুটবলার হবো।