ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইউরোপের চার দেশে গাইবেন কিশোর-সালমা

ইউরোপের চার দেশে গাইবেন কিশোর-সালমা

ভিনদেশের মাটিতে দেশের শিল্পীদের বিচরণ এখন নিয়মিত। প্রায়ই বিভিন্ন দেশে গিয়ে গান করে আসছেন শিল্পীরা। এবার যেমন ইউরোপে উড়াল দিলেন কিশোর দাস ও মৌসুমী আক্তার সালমা। একসঙ্গে তারা ইউরোপের চারটি দেশে কনসার্ট করে আসবেন। গতকাল ঢাকা থেকে রওনা করেছেন তারা। যাওয়ার আগ মুহূর্তে ছবি পোস্ট করেই দিলেন সুখবরটি। ক্যাপশনে কিশোর লেখেন, ‘ইউরোপ ট্যুর লোডিং। আশা করছি একটা স্মরণীয় ট্যুর হতে যাচ্ছে।

সবাই প্রার্থনায় রাখবেন।’ কিশোর জানালেন, প্রথমে তারা যাবেন ফ্রান্সে। ২৭ জুন সেখানেই গাইবেন। এরপর একে একে গাইবেন বেলজিয়াম, ইতালি ও স্পেনে। গায়কের ভাষ্য, ‘বেলজিয়াম ও ফ্রান্সে একটা করে শো করব। তবে ইতালি ও স্পেনে দুটি করে শো করব।’

প্রবাসীরা দেশের শিল্পীদের পেলে আনন্দিত হন বলেও জানান কিশোর। তিনি বলেন, ‘বেশ আগে থেকেই আয়োজকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সবকিছু মিলে যাওয়ায় রাজি হয়েছি। এর আগেও ইউরোপ ট্যুর করেছি। সেখানকার প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশিরাও আমাদের গান খুব উপভোগ করেন। আশা করছি, এবারের শোগুলো আগের চেয়েও ভালো হবে।’

উল্লেখ্য, কিশোর ও সালমা দুজনেই উঠে এসেছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে’ থেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত