
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মাঝে সাড়া ফেলেছে। বিশেষ করে ফিল্মটির গল্প এবং শিল্পীদের অভিনয় দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটি নিয়ে ইতিবাচক রিভিউ দিচ্ছেন সাধারণ দর্শকরা। সুলতান খান নামের এক দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আ খ ম হাসান অসাধারণ অ্যাকটিং’। সাবিনা ইয়াসমিন নামের আরেক দর্শক ছবির সচেতনতামূলক দিকটির প্রশংসা করে লিখেছেন, ‘অনেক সুন্দর একটি গল্প। সিনেমা হলে মুক্তি দিলে মানুষ অনেক সচেতন হতো। সবার দেখা উচিত।’ একইভাবে জুয়েল তাজিম মন্তব্য করেছেন, ‘অসাধারণ একটি গল্প। শুধু বিনোদনের জন্য নয়, সচেতনতা তৈরির জন্যও এমন গল্পের প্রয়োজন আছে।’ এমনকি নাফিজা হুসাইন নামের এক নারী দর্শক একটি অডিও রেকর্ডের মাধ্যমে সিনেমাটি নিয়ে তার ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছেন।