
সম্প্রতি প্রকাশ পেয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের গান ‘মেঘ’। এতে শাস্ত্রীয় সুরের সঙ্গে সম্প্রতি কালের গানকে রবি ঠাকুরের সোনার ‘তরী’তে তুলে বিপাকে পড়েছে শায়ান চৌধুরী অর্ণব। তার বিরুদ্ধে বিখ্যাত এ কবিতাটির অবমাননার অভিযোগ এনে হচ্ছে তুমুল সমালোচনা। ‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম এবং কলকাতার মৌসুমি দত্ত। এবার বিতর্কিত এ সৃষ্টির সঙ্গে যুক্ত হওয়ার গল্প সামাজিক মাধ্যমে শোনালেন মৌসুমি। নিজের ফেসবুকে কলকাতার এ গায়িকা লিখেছেন, ‘বাংলাদেশ থেকে যখন অর্ণব দা আমাকে কল করলেন, আমি ভীষণ উচ্ছ্বসিত হয়েছিলাম। কারণ অনেক বছর ধরে আমি তার গানের ভক্ত। একসঙ্গে গান করার ব্যাপারে আমাদের কথা হয়েছিল, কিন্তু আমি একদমই জানতাম না, সেটা কোক স্টুডিও বাংলার জন্য।’