
ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের পর এবার নিজ দেশ বাংলাদেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই এ খবর জানান। সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে 'সির সির' পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। সেই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ও তুলে ধরেন সঞ্জয়। সঞ্জয় দেব বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনো'কে অনেক ধন্যবাদ। টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন।
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঞ্জয়ের পারফরম্যান্স। আন্তর্জাতিক মঞ্চ মাতানোর পর এবার দেশের দর্শকদের সামনে নিজের মিউজিকের জাদু ছড়িয়ে দিতে আসছেন তিনি। তার পারফরম্যান্স দক্ষিণ এশিয়ার ফুটবলের এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে।