
মধ্যবিত্ত পরিবারের জমানো হাসি কান্না দুঃখের মধ্যে একটি পারিবারিক ভ্রমণ আর সঙ্গে ঘটতে থাকা নানান ঘটন-অঘটন নিয়ে মোশাররফ করিমের ভ্রমণ সঙ্গী হচ্ছেন সুমাইয়া শিমু, দিঘী, দিলারা জামানসহ অনেকে। চরকি প্রযোজনায় নির্মিত হচ্ছে ঈদের সিনেমা 'যাত্রা বিরতি', পরিচালনায় কাজী আসাদ। নির্মাতা ও শিল্পীদের সঙ্গে সম্প্রতি চুক্তিপত্র সম্পন্নের আসরে হয়ে গেল একটু হাসি ঠাট্টা আড্ডাবাজি।
আগামী বছর ঈদে চলচ্চিত্রটি মুক্তি পাবে বড় পর্দায়। চরকি প্রযোজিত সিনেমাটি শুটিংয়ের জন্য এরইমধ্যে কুয়াকাটা অবস্থান করছে পুরো ইউনিট। 'যাত্রা বিরতি' সিনেমায় মোশাররফ করিম, সুমাইয়া শিমু, প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দেখা যাবে দিলারা জামানকে। আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে।
ভ্রমণের আনন্দ এমনই যে, আটকে রাখা যায়নি চুরাশি বছর বয়সী দিলারা জামানকে। শুটিংয়ের উছিলায় একটু ঘুরে বেড়াবেন, তরুণ সহকর্মীদের সঙ্গে আনন্দ করবেন, ভালো সময় কাটাবেন— এ তার বাসনা। তা না হলে এ বয়সে ঘর থেকে বের হয় কে? বলেন দিলারা জামান।
নাটকের জনপ্রিয় জুটি মোশাররফ করিম-সুমাইয়া শিমু 'যাত্রা বিরতি' দিয়ে ফিরছেন বড় পর্দায়। আগের কাজগুলোতে এ জুটির রসায়ন যেকোনো অনুভূতিকেই নিয়ে গেছে দর্শকদের হৃদয়ের কাছাকাছি। 'যাত্রা বিরতি' সিনেমার অনুভূতিও দর্শকদের আবেগি করে তুলবে এ জুটির রসায়ন, মনে করেন নির্মাতা।