
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালেতে দর্শক ভোটে পিছিয়ে পড়ায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি। কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এ অভিনেত্রী। বুধবার সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় মাহি লেখেন, প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন। সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।
নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন উল্লেখ করে মাহি বলেন, বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।
তবুও আজ একটা কথা বলতে চাই, আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।