
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কচুয়া উপজেলা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত এর যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবে যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে এসব বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গড়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন এই সাংসদ। তিনি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার নিজ এলাকা চাঁদপুরের কচুয়া আসেন।
রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ: রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে এবং এখন থেকে রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার মেয়েরা, আপনার বোনেরা, আপনার মায়েরা; তারা যেন নিরাপদ থাকে। কোনো অবস্থাতেই যেন ইভটিজিংয়ের বিন্দুমাত্র ঘটনা না ঘটে। কিশোরদের ক্ষেত্রে এ বিষয়ে একেবারে জিরো টলারেন্স নীতি থাকতে হবে।’
তিনি বলেন, ‘রাতের বেলা অযথা কিশোরদের ঘোরাফেরা করা যাবে না। আমি দেখেছি, নির্বাচনের সময় সারা রাত কিশোররা রাস্তায় ঘুরে বেড়ায়। কেন তারা ঘোরে, এ বিষয়ে কেউ প্রশ্ন করলে উল্টো তারা মব আক্রমণ করে। এখন থেকে রাস্তায় ঘোরাফেরা করলে পুলিশ জিজ্ঞেস করবে— কেন ঘুরছে, কোথায় গিয়েছিল, কী কারণে বের হয়েছে। ‘এতে যদি কেউ সাংবিধানিক অধিকার লঙ্ঘনের কথা বলেন, সেটি পরে দেখা যাবে। আমরা কচুয়ায় একটি নিরাপদ অঞ্চল চাই, এটি নিশ্চিত করতেই হবে। এর কোনো বিকল্প নেই।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘আমি জীবনে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না, এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)।’
তিনি বলেন, ‘আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন আমি ভালো জায়গা দেখে বদলি করে দেবো। কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখবো।’