
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গতকাল সোমবার এই নিয়োগ বাতিলের আদেশ দেন। তার পরিবর্তে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ (ACT NO. XIX OF ১৯৭৩ ) এর সেকশন ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো এবং একই সাথে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।’ এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরে মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।
প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, যারা কোনো অন্যায় করেনি, তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে। চিফ প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে সকল মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালের বিচারকার্যে আমার সহযোগিতা করতে পারি। আর যারা কোনো অন্যায় করেনি, তারা প্রসিকিউশনের মাধ্যমে হয়রানির শিকার হবেন না। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রাপ্য সাজা পেতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য আইনজীবী আমিনুল ইসলামকে (অ্যাটর্নি-জেনারেলের পদমর্যাদা) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ প্রদান করা হলো। একই সাথে মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন- তাজুল ইসলাম : অন্তর্বর্তী সরকারের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার কাজ পরিচালনার জন্য আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন আমিনুল ইসলাম। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সদ্য বিদায়ী তাজুল ইসলাম। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়ার পর সোমবার সাংবাদিকদের সঙ্গে তাজুল ইসলাম এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ। আমরা যেন ছাত্রদের আত্মত্যাগের কথা ভুলে না যাই। এসময় তিনি মামলার কার্যক্রম ও অগ্রগতিও তুলে ধরেন। তাজুল ইসলাম বলেন, নতুন সরকার আসছে, এখন তাদের কার্যক্রম এগিয়ে নিতে তাদের লোকজনকেই দায়িত্ব নেবে এটাই স্বাভাবিক। তবে বিগত সময়ে যারা গুম-খুনের শিকার হয়েছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনরা যেন সঠিক বিচার, ন্যায়বিচার পান। নতুন চিফ প্রসিকিউটরকে মামলা পরিচালনার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতা করার কথাও বলেন তিনি।