
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। গতকাল সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান। এর আগে গতকাল গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিনও (গত রোববার) সচিবালয়ে অফিস করেন তিনি।
আতিকুর রহমান রুমন আরও জানান, শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।
এছাড়া প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। মন্ত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর : রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের অবস্থা মন্ত্রীর কাছ থেকে জেনেছেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রাজধানীতে নারী বাস সার্ভিস চালু করার জন্য মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
এছাড়া, প্রধানমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীকে।