ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিরোধীদল থেকে হবে ডেপুটি স্পিকার

বিরোধীদল থেকে হবে ডেপুটি স্পিকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে সাক্ষাতে প্রস্তাব দেওয়া হয়েছে তারা যেন ডেপুটি স্পিকার পদে প্রার্থী ঠিক করেন। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে এর বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চায় সরকার। তিনি বলেন, স্পিকার নির্বাচনের দিনই একইসঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারেন। এ বিষয়ে প্রধান বিরোধীদলকে মৌখিক সাক্ষাতে তাদের অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।

সরকারি দল হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। জুলাই জাতীয় সনদের যে সমঝোতা করা হয়েছে সেখানে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে তারমধ্যে বিরোধী দল একটি পদ পাবে। ঠিক এভাবে বলা নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ডেপুটি স্পিকার একজন বিরোধীদল থেকে নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন, সংবিধানে আছে : সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠিত হলে প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এটা এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে বলে জানান তিনি। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে রয়েছে বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটা এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে এবং প্রথা ও ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসেবেই হবে। তিনি আরও বলেন, কেউ যদি দাবি করে ভবিষ্যতে সংশোধন করে রাষ্ট্রপতি আর ভাষণ দেবেন না, সেটা তখন দেখা যাবে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। গতকাল সোমবার আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির এই চিঠি দেন।

চিঠিতে বলা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হয়। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামতো ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। এদিকে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত