ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে হামলা

ঢাকায় ২১০ ফ্লাইট বাতিল

ঢাকায় ২১০ ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছয় দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিভিন্ন এয়ারলাইনসের অন্তত ৩৪টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডানসহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। ওই দিন থেকেই একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইনস।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং গতকাল ৪ মার্চ আরও ২৮টি ফ্লাইট বাতিল করা হয়।

বৃহস্পতিবার বাতিল হওয়া ৩৪টির মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস–বাংলার ২টি, গালফ এয়ারের ২টি ও ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট আছে।

দুবাইয়ে আটকে পড়া ক্রুদের দেশে ফেরা: এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস–বাংলা এয়ারলাইনস।

বিমানের ফ্লাইট ক্রুরা গত ২৮ ফেব্রুয়ারি থেকে কয়েক দিন অনিশ্চয়তার মধ্যে দুবাইয়ে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যরাও চরম উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছিলেন। গত বুধবার তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে এই এয়ারলাইনস। একটি বিশেষ ফ্লাইট ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করেছে। পরিকল্পনা অনুযায়ী আজ ৬ মার্চ সকালে আরেকটি ফ্লাইট পৌঁছানোর কথা আছে। ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্র্যাফট দিয়ে বিশেষ ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত