ঢাকা রোববার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মধ্যপ্রাচ্যে সীমিতভাবে ফ্লাইট চালু

* ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট * ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করল বিমান
মধ্যপ্রাচ্যে সীমিতভাবে ফ্লাইট চালু

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে হয় বিভিন্ন এয়ারলাইন্সকে। আবার কিছু ফ্লাইট সচলও ছিল। ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে পরিচালিত ফ্লাইটগুলোর সংক্ষিপ্ত বিবরণ- ২৮ ফেব্রুয়ারিতে ওমানগামী ১টি ও সৌদি আরবের উদ্দেশে ৫টি বিমান বাংলাদেশ ছেড়ে যায়। ১ মার্চ ওমানের উদ্দেশে ৪টি ও সৌদির উদ্দেশে ১৬টি বিমান যায়, ২ মার্চ ওমানে ৫টি ও সৌদির উদ্দেশে ১৩টি বিমান যায় ঢাকা ছেড়ে। এছাড়া ৩ মার্চ ওমানের উদ্দেশে ৭টি ও সৌদির উদ্দেশে ১৫টি বিমান, ৪ মার্চ ওমানের উদ্দেশে ৮টি, সৌদির উদ্দেশে ২১টি ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ৬টি বিমান যায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে। ৫ মার্চ ওমানগামী ১০টি, সৌদি আরবের উদ্দেশে ২২টি ও আরব আমিরাতের উদ্দেশে ২টি বিমান যায়। ৬ মার্চ ওমানের উদ্দেশে ৬টি, সৌদির উদ্দেশে ১৫টি ও আরব আমিরাতের উদ্দেশে ১৩টি বিমান যায়। সবশেষ গতকাল শনিবার ওমানের উদ্দেশে ৬টি, সৌদির উদ্দেশে ১৮টি ও আরব আমিরাতের উদ্দেশে ১৭টি বিমান, যা কিছু ঢাকা ছেড়েছে এবং ছাড়ার কথা রয়েছে। যুদ্ধ শুরুর পর বহু ফ্লাইট বাতিল হলেও ওমান, সৌদি আরব ও আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়ে যায় ২১৪টি ফ্লাইট। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলো নিয়মিত পরিচালিত হচ্ছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট : মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নিরাপত্তাঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল শনিবার ২০টিসহ গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ও ৬ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়। গতকাল শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে—কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ২০টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ৮ মার্চ (আজ) পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। এবার ৮ মার্চ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে। গত শুক্রবার দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। যাত্রীদের তথ্যগুলো জানানোর অনুরোধ করে বিমান। বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত