
মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৯ মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠ চত্বরে জানাজা শেষে পৌর কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
নিহত ১৪ জনের মধ্যে বর, তার বাবা, ভাই-বোন, ভাবি, ভাগনে-ভাগনিসহ একই পরিবারের ৯ জন। শুক্রবার ভোরে তাদের মরদেহ পৌঁছায় মোংলার শেহালাবুনিয়ার আ. ছাত্তার লেন এলাকাস্থ নিহতের পরিবারের বাসভবনে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের (মিতু) সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের (ছাব্বির)। কনের বাড়িতে বিয়ের পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বরপক্ষ মোংলার উদ্দেশে রওনা হয়। বর-কনেসহ দুই পরিবারের ১৪ জন ছিলেন মাইক্রোবাসে। তাদের বহনকারী মাইক্রোবাসটি বাগেরহাটের মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় বিপরীত দিক দিয়ে আসা নৌবাহিনীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- বর আহাদুর রহমান, তার বাবা আবদুর রাজ্জাক, বরের ভাই আবদুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া (ঐশী), তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলমের (জনি) স্ত্রী ফারহানা সিদ্দিকা (পুতুল), তাঁদের ছেলে আলিফ আরফা ও ইরাম। নিহত ব্যক্তিদের মধ্যে আরও আছেন কনে মার্জিয়া আক্তার (মিতু), তাঁর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাসের চালক নাঈম। নাঈমের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগেরবুনিয়া গ্রামে। সকালে মোংলা উপজেলা পরিষদ সংলগ্ন শেহলাবুনিয়ার ছাত্তার লেনের বরের বাড়িতে গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভিড়। হৃদয়বিদারক এই ঘটনার খবর শুনে আত্মীয়স্বজন, প্রতিবেশী ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। শোকে স্তব্ধ সবাই। আবদুর রাজ্জাকের বাড়ির ভেতরে রাখা হয়েছে পরিবারের নিহত চার নারীর মরদেহ। পাশে উপজেলা পরিষদ চত্বরে বাকি পাঁচজনের মরদেহ।
প্রতিবেশী নাসির খান বলেন, ‘একসাথে একই পরিবারের এতগুলো লাশ আগে দেখিনি। এটা সহ্য করার মতো না।’ নিহত গৃহকর্তা (বরের পিতা) আবদুর রাজ্জাকের ছোট ভাই সাজ্জাদ সরদার বলেন, ‘আমাদের বেড়ে ওঠা মোংলাতেই। তবে গ্রামের বাড়ি খুলনার কয়রায়। রাজ্জাক ভাই তার মেয়েরও বিয়ে দিয়েছেন কয়রায়। এই ছেলেরও সেখানে বিয়ে দিয়েছিলেন। দুর্ঘটনায় পুরো পরিবারটা শেষ হয়ে গেল।’ তিনি আরও বলেন, ‘আশপাশের ৯টি মসজিদ থেকে খাটিয়া আনা হয়েছে। গোসল শেষ করে একে একে নয় স্বজনকে রাখা হয়েছে খাটিয়াতে।
নিহত উম্মে সুমাইয়ার শ্বশুর আবদুল আলীম বলেন, বর আহাদুরের মোংলা শহরে মোবাইল ফোনের দোকান ছিল। ‘রাজ্জাক ভাইয়ের (বরের বাবা) আদি বাড়ি কয়রায়। তারা বৃহস্পতিবার ১২টার পর রওনা দেন। আমার পুত্রবধূ, একমাত্র নাতিও দুর্ঘটনায় মারা গেছে।’
স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি : স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল রহমান জনি। জনিও তার ছোট ভাই সাব্বিরের বিয়েতে খুলনার কয়রায় গিয়েছিলেন। বিয়ে শেষে পরিবারের সবাই মাইক্রোবাসে উঠলেও জনি ছিল মাইক্রোবাসের পেছন পেছন মোটরসাইকেলে। তাই প্রাণে বেঁচে গেছেন জনি। গাড়ির পেছনে মোটরসাইকেলে থাকায় চোখের সামনেই দুর্ঘটনা ঘটতে দেখেছেন তিনি। এত আপনজনকে একসঙ্গে হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন জনি। আর পরিবারের এত সদস্যদের মৃত্যুতে অসাড় হয়ে রয়েছেন মা আঞ্জুমানয়ারা। আর বেচে থাকা আরেক ভাই সাদ্দাম ক্ষণে ক্ষণে মুর্ছা যাচ্ছেন। জনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি একা হয়ে গেলাম।’ এরপর আর কোনো কথা বলতে পারেননি তিনি।
জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম, হাত কাঁপছিল : বাগেরহাটের মোংলা কবরস্থানের এক কোণে পাশাপাশি খোঁড়া হয়েছে ৯টি কবর। হৃদয়বিদারক বিষয় হলো এই কবরগুলোতে শায়িত হবেন একই পরিবারের ৯ সদস্য। বাগেরহাটের রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যদের দাফনের জন্য এই কবরগুলো প্রস্তুত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে খোঁড়া কবরগুলোতে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
মোংলা কবরস্থানের খাদেম ও গোরখোদক মুজিবুর ফকির বলেন, ১৭ বছর ধরে কবরস্থানের দায়িত্ব পালন করছি। কিন্তু কখনও এক সঙ্গে একই পরিবারের এত সদস্যের জন্য কবর খুঁড়তে হয়নি। পাশাপাশি ৯টি কবর খুঁড়তে গিয়ে হাত কাঁপছিল। খুব কষ্ট লাগছিল।
তিনি জানান, পরিবারের সম্মতিতেই একই জায়গায় পাশাপাশি কবরগুলো খোঁড়া হয়েছে, যাতে স্বজনরা একই স্থানে চিরনিদ্রায় শায়িত থাকতে পারেন। শুক্রবার রাত সাড়ে ১২টায় যখন নিহতদের মরদেহ মোংলার শেওলাবুনিয়ায় পৌঁছায়, তখন পুরো এলাকা যেন স্তব্ধ হয়ে যায়। শত শত মানুষ ছুটে আসেন শেষবারের মতো তাদের দেখতে। চারদিকে শুধু কান্না আর শোকের মাতম। আব্দুর রাজ্জাকের বাড়ির ভেতরে রাখা হয়েছে পরিবারের নিহত চার নারীর মরদেহ। আর উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে বাকি পাঁচজনের মরদেহ। আশপাশের ৯টি মসজিদ থেকে আনা হয়েছে ৯টি খাটিয়া। গোসল শেষে একে একে রাখা হয়েছে স্বজনদের নিথর দেহ। নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই মো. সাজ্জাদ সরদার বলেন, রাজ্জাক ভাই ছেলের বিয়ে দিয়ে নতুন বউ ঘরে তুলবেন এই আনন্দ নিয়ে সবাই ছিলাম। কিন্তু সেই আনন্দের বিয়েই আজ পুরো পরিবারকে শেষ করে দিল। শুক্রবার জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ৯ সদস্যকে মোংলা পৌর কবরস্থানে পাশাপাশি খোঁড়া ওই ৯টি কবরে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের (মিতু) সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের (সাব্বির)।
বিয়ের পর বর-কনেসহ দুই পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন। এরপর মাইক্রোবাসটি রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় বিপরীত দিক দিয়ে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন।