
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। গতকাল শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন। স্বৈরাচার সরানোর আন্দোলনে একই সঙ্গে ছিলেন উল্লেখ করে বিরোধী দলের প্রতি যথেষ্ট সহনশীলতা রয়েছে বলে জানান স্পিকার। তিনি বলেন, ‘সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ।’ সংসদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্রতম স্থান, যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি।’ তিনি এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন। স্পিকার আরও বলেন, গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
সংসদ কেমন হবে এ প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত এই সরকার একটি সুখী, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে বলে আমি বিশ্বাস করি এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে বলেও জানান তিনি।
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন : মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ১৩তম জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা : ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে গতকাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংসদের নব নিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা কিছুক্ষণ নীরবতা পালন এবং রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুণঃস্থাপিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সীমাহীন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন- তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি।
স্পিকার বলেন, বাংলাদেশের বিচক্ষণ জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়যুক্ত করেছে যা গণতন্ত্রের পথকে সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে আমরা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছি।