ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক

৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা দিল চীনের সিনোভ্যাক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮৩ হাজার ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান সিনোভ্যাক ফাইন্ডেশন। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকালে এ সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে বলা হয়, চীনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি অনুদানের ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকার চালান এরই মধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌছে দেওয়া হয়েছে। যেখান থেকে পরবতীতে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানের টিকাদান কেন্দ্রে পৌঁছে যাবে। সিনোভ্যাকের তৈরি পোলিও (পোলিওমাইলাইটিস ভ্যাকসিন, ভেরো সেল, ইনঅ্যাক্টিভেটেড সেভিন স্ট্রেই) টিকা ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রি-কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জন করেছে। বৈশ্বিক পোলিও নির্মূল প্রচেষ্টার অংশ হিসেবে সিনোভ্যাক এরমধ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এই একই ভ্যাকসিন সফলভাবে সরবরাহ করে আসছে।

এই অনুদানের জন্য চীনের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে রয়েছে সেটা আবারও প্রমাণ করেছে দেশটি।’

‘ডেঙ্গু, পোলিও চোখ রাঙাচ্ছে’ : স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার ব্যবস্থা হলেও এখন সামনে ডেঙ্গু, পোলিওসহ অনেক রোগ চোখ রাঙাচ্ছে। ‘এগুলো মোকাবিলা করা এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে পোলিও, যক্ষাসহ যেসব রোগের টিকার প্রয়োজন তা ঘাটতি নেই। এগুলোর টিকা কার্যক্রম চলছে।’ এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত প্রায় সব শিশু ‘হামের টিকা পেয়েছে’ জানিয়ে মন্ত্রী বলেন, বাকিরও শিগগিরই টিকার আওতায় আসবে।

শিগগিরই ‘ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। সরদার সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর জন্য প্রস্তুতি হিসেবে বিভিন্ন ফিল্ড হাসপাতাল প্রস্তুত রয়েছে, প্রয়োজনে এই সংখ্যা বাড়ানো হবে। সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং বলেন, ‘বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে সহায়তা করতে পেরে সিনোভ্যাক অত্যন্ত গর্বিত।

আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিনোভ্যাকের তৈরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন যোগ্যতা অর্জনকৃত ৩ লাখ ৮৩ হাজার ৮৪ ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান করতে পেরে আমরা আনন্দিত।

‘বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ভবিষ্যতেও সিনোভ্যাক বাংলাদেশের পাশে থেকে চীন-বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা, চীনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি হোআং মৌচং, সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের হেড অব ইন্টারন্যাশনাল রেগুলেটরি ওয়াং পোং, সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত