
স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন (ইসি)। এক্ষেত্রে ভোটগ্রহণের ১৫ দিন পূর্বের পরিবর্তে এখন ২৫ পূর্বে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে। গতকাল শনিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করে এমন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
নীতিমালার সংশোধনীতে বলা হয়েছে, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করতে হতো। এখন তার পরিবর্তে ২৫ দিন পূর্বে চূড়ান্ত হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিনের বিষয়টি ছিল। তাই জেলা পরিষদ ও উপজেলা পরিষদেও একই রকম নীতিমালা করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।