ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেওলিয়াবাড়ী এলাকার মামুন হোসেন, তার স্ত্রী শিমু আক্তার ও তাদের শিশু সন্তান আরাফাত হোসেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারের ওপরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৭৬-৬৫৮০) যোগে ওই মহাসড়ক দিয়ে নিজের বাড়ি কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মোটরসাইকেলটি দুপুর আড়াইটার দিকে উপজেলার সফিপুর ফ্লাইওভারের ওপরে পৌঁছলে পিছন থেকে টাঙ্গাইলগামী অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে তারা তিনজন ফ্লাইওভারের ওপরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই স্বামী মামুন হোসেন, স্ত্রী শিমু আক্তার ও তাদের শিশু সন্তান আরাফাত হোসেন মারা যান। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় ঘাতক চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক গাড়ি শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত