ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সংসদ চত্বরে চিরনিদ্রায় জমির উদ্দিন সরকার

আজ বিএনপির শোক
সংসদ চত্বরে চিরনিদ্রায় জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই দফা জানাজার পর সংসদ চত্বরে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজার আয়োজন করা হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ

নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে সাবেক এই স্পিকারের লাশ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির উদ্দিন সরকার। তার মৃত্যুতে আজ সারাদেশে শোক পালন করেছে বিএনপি। গতকাল নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একদিনের শোক পালনের ঘোষণা দেন। তিনি বলেন, শোক পালনের অংশ হিসেবে সোমবার ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

রিজভী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের মাঝে আর নেই। তিনি আমাদের থেকে বহু দূরে চলে গেছেন।’ জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে রিজভী বলেন, ‘ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের প্রতিটা অধিকারের আন্দোলন, স্বাধীনের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন, প্রতিটা আন্দোলনে তার অনন্য ভূমিকার কথা এই জাতি কোনোদিন বিস্মৃত হবে না। ‘তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে, দেশ হারালো একজন অভিভাবককে।’

এদিকে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা রোববার বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আত্মীয়-স্বজন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্থানীয় মানুষ। পরে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সংসদ প্রাঙ্গণের পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন স্ত্রী নূর আখতার, কন্যা নিলুফার জমির এবং দুই ছেলে-নওশাদ জমির এমপি ও নওফেল জমিরকে রেখে গেছেন। জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর তিনি ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা এ নেতা বহু বছর দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার সংসদ সদস্য হিসেবেও নির্বাচিত হন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ০১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ছাত্রজীবনেই ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন তিনি। শুরু থেকেই দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং দিনাজপুর-১ আসন থেকে এমপি হিসেবে প্রতিনিধিত্ব করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আবদুস সাত্তার এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত