
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি এরইমধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করছে সাংবিধানিক সংস্থাটি। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক, আনসার ও ভিডিপির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি। আর এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তবে আসন্ন এই নির্বাচনে এখন পর্যন্ত সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেয়নি ইসি।
স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ও প্রস্তুতি নিয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা ঠিক যে নির্বাচন (জাতীয় নির্বাচন) করেছি, যেভাবে করেছি; স্থানীয় নির্বাচন তার চেয়ে খারাপ হবে না; বরং আমরা চাইবো তারচেয়ে আরও ভালো করতে।’
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও নিশ্চিত করে বলা যাবে না বলেও জানান সিইসি। তিনি বলেন, ‘এটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। আমাদের কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধন করতে হচ্ছে। তবে তেমন সময় লাগবে না। আমাদের তরফ থেকে আমরা কাজ করে ফেলেছি এবং মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছি। এটা হয়ে গেলে আমাদের মোটামুটিভাবে আগের কিছু কাজের জন্য প্রকিউরমেন্টও আছে। আবার কিছু নির্বাচন করার জন্য আইনে বাধ্যবাধকতাও আছে। সেই আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি।’ সিইসি আরও বলেন, ‘সরকার ছাড়া তো চলতে পারবো না। আমাদের পুলিশ লাগবে, বিজিবি লাগবে। এরা সবাই তো সরকারের লোক। শুধু আমার নির্বাচন কমিশনের একার প্রস্তুতি নয়। এই সমস্ত বাহিনী যারা নির্বাচনে কাজ করবে, তাদেরও প্রস্তুতি দরকার।’ সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন কী কথা হয়েছে, জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা তার (আইজিপি) কাছে তাদের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছি, সারা দেশের অবস্থা জানতে চেয়েছি এবং তিনি কতসংখ্যক পুলিশ দিতে পারবেন বা পারবেন না- এসব বিষয় জানতে চেয়েছি। তাকে কিছু পরামর্শও দিয়েছি। তাদের সহযোগিতা লাগবে। বিশেষ করে পুলিশের একটি মনিটরিং সিস্টেম আছে, সেটি আমরা চেয়েছি। নির্বাচনের সময় মনিটরিংয়ের কাজে সেটি ব্যবহার করা যায় কি না, সেটিও আমরা দেখতে চাই।’ স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজকে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৈঠক শেষে তার কাছে বৈঠকে আলোচ্য বিষয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সামনে স্থানীয় সরকার নির্বাচন যে হবে, ইন-অ্যাডভান্স নির্বাচন কমিশন একটা ইনস্ট্রাকশন দিলেন যে তার জন্য একটা প্রস্তুতি, প্রশিক্ষণ যা করা দরকার, তা আপনারা শুরু করেন।’ তিনি আরও বলেন, ‘দ্য সিইসি গেভ আস আ আর্লি হেডস আপ, যাতে করে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমরা যেন প্রস্তুতি নিতে পারি।’