ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে সাতজন হাম ও হামের উপসর্গে এবং ছয়জন ডেঙ্গুতে মারা গেছেন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯১ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯২ জন। এছাড়া চট্টগ্রামে ১০০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫০ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, একদিনে দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ২৫৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৬ জন, চট্টগ্রামে ২১৬, সিলেটে ১১১, বরিশালে ১০৭, খুলনায় ৭৫, ময়মনসিংহ ৭৩, রাজশাহীতে ৩২ ও রংপুরে ৪২ জন। বুলেটিনের তথ্য অনুযায়ী দেশে হাসপাতালে হাম ও এর উপসর্গে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। এদিকে হাম উপসর্গের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ১৩ হাজার ২৪৪। যার মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। শুধু হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।

ডেঙ্গুতে অক্টোবরের ১৮ দিনে মৃত্যু একশ ছাড়াল : দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৮ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের প্রাণ গেছে; এর মধ্যে চলতি মাসের ১৮ দিনেই মৃত্যু হয়েছে ১০৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ২ জন করে, ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বাইরের একজন এবং সিলেট সিটি কর্পোরেশনের বাইরের একজন মারা গেছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালগুলোতে ২৩২ জন ভর্তি হয়েছেন। ডিএসসিসি এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ২৩১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯৫ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯ জন, চট্টগ্রামে ২৬১ জন, খুলনায় ২৯০ জন, ময়মনসিংহে ৯৩, রাজশাহী ২০০, রংপুরে ৭২ এবং সিলেটে ১৫ জন ভর্তি হয়েছেন। বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক হাজার ৮২৭ জন। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ৪০০ জনে। যার মধ্যে ১ লাখ ৬ হাজার ২৬ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত