
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও কোম্পানির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা মদিনা থেকে একটি যানবাহনে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে যানবাহনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে দুর্ঘটনার কারণ ও সুনির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এ ছাড়া কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলম শাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। নিহতদের লাশ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সৌদি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশগুলো দেশে স্বজনদের কাছে পাঠানোর ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে কনস্যুলেট সূত্র জানিয়েছে।