ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও সাত প্রাণ

হামের উপসর্গ ও ডেঙ্গুতে ঝরল আরও সাত প্রাণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ডেঙ্গুতে পাঁচজন ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫২ হাজার ১৭৩। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৬৭ জনের প্রাণ গেল; এর মধ্যে চলতি নভেম্বরে মৃত্যু হয় ৪৭ জনের। আগের মাস অক্টোবর মৃত্যু হয় ১৭৪ জনের; সেপ্টেম্বরে মৃত্যুর সংখ্যা ছিল ১৪৮।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ১০৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৬৫, বরিশালে ২৪৩, খুলনায় ২৭৭, রাজশাহী ১৮৮, রংপুর বিভাগে ৮৩, ময়মনসিংহে ১১১, সিলেটে ১৬ জন ভর্তি হয়েছেন।

তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১১৪ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু : দেশে ২৪ ঘণ্টায় এক দিনে হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাবে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৯ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৬ জন, চট্টগ্রামে ১১৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হাম শনাক্ত হয়েছে ৮১ জনের শরীরে। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৩৯৬ জন, চট্টগ্রামে ২৪৭, সিলেটে ১৯৩, বরিশালে ১৪১, খুলনায় ১০৪, ময়মনসিংহে ৬০, রংপুরে ২৮ ও রাজশাহীতে ৬১ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৪ হাজার ১৫১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন। বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৯৯ জন। ২৪ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত