
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় 'জামিয়া আশরাফিয়া' মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট ও তাড়াহুড়ো করে নামতে গিয়ে কিতাব বিভাগের ৮৮ জন শিক্ষার্থী আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি বিবেচনায় ৫৩ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। বর্তমানে ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে। গুরুতর অসুস্থ চারজনকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই চারজনের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য, গুরুতর অসুস্থদের আগামী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান।
এরআগে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড সংলগ্ন ভূঁইগড় শান্তিধারা এলাকার ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি ও অফিস কক্ষে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাতের ঘটনার বিবরণ দিয়ে মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী আবু সালেহ জানান, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ দ্বিতীয় তলায় লাইব্রেরিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো ভবনে ঘন ও বিষাক্ত কালো ধোঁয়ার সৃষ্টি করে। ঘুমন্ত অবস্থাতেই বিষাক্ত ধোঁয়ায় শিক্ষার্থীরা তীব্র শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন।
পরে প্রাণ বাঁচাতে দ্রুত নামতে গিয়ে ও তাড়াহুড়োয় সিঁড়িতে ধাক্কাধাক্কিতে আরও কয়েকজন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সংশ্লিষ্টরা জানান, ভবনে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতির পাশাপাশি আবাসিক শিক্ষার্থীদের চরম গাদাগাদি করে থাকার কারণেই একসঙ্গে এত বিপুলসংখ্যক শিক্ষার্থী অসুস্থ ও আহত হয়েছেন। মাদ্রাসাটির তিনটি ভবন ও টিনশেড মিলিয়ে মোট ৪৮ হাজার বর্গফুট জায়গার মধ্যেই রয়েছে ২ হাজার ৪০০ বর্গফুটের লাইব্রেরি, অফিস কক্ষ, দু'টি মসজিদ, রান্নাঘর ও ওয়াশরুমসহ নানা অবকাঠামো।
এসব বাদ দিলে ১ হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থী ও ৭৫ জন শিক্ষক-স্টাফের থাকার জন্য মাথাপিছু জায়গা বরাদ্দ ছিল মাত্র ২৪ থেকে ২৫ বর্গফুটের মতো। মূলত অল্প জায়গায় গাদাগাদি করে বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করায় ধোঁয়া ছড়িয়ে পড়ার পর একসঙ্গে এত বেশি শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং সরু সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন।
গতকাল মঙ্গলবার সরেজমিন মাদ্রাসায় গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া মূল্যবান কিতাবের স্তূপ মাদ্রাসার আঙিনায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং পোড়া আলমারি, টেবিল ও চেয়ার মাঠের পাশে রাখা হয়েছে। সকাল থেকেই দুর্ঘটনাকবলিত মাদ্রাসাটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে।
মাদ্রাসার মুহতামিম (প্রিন্সিপাল) মুফতি মফিজুল ইসলাম জানান, হঠাৎ আওয়াজে ঘুম ভেঙে গেলে চারদিকে শুধু ধোঁয়া দেখা যায়। আগুনে কোনো শিক্ষার্থী সরাসরি দগ্ধ না হলেও প্রচণ্ড ধোঁয়ায় ৮৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন। লাইব্রেরি থেকে সূত্রপাত হওয়া এই আগুনে প্রায় ৫০ লাখ টাকার মহামূল্যবান কিতাবসহ পুরো লাইব্রেরি পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে লাইব্রেরির নিচেই ৪৮ হাজার লিটারের একটি পানির হাউস থাকায় ছাত্র ও শিক্ষকরা দ্রুত আগুন নেভাতে কাজ শুরু করতে পেরেছিলেন। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসায় আগুন পাশের অন্য ভবনে ছড়াতে পারেনি।
গতকাল মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত মাদ্রাসাটি পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আছমা উল হুসনা পিংকি। তাঁরা ক্ষতিগ্রস্ত লাইব্রেরিসহ পুরো মাদ্রাসা ভবন ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আলী নূর খান জানান, এত বড় আবাসিক মাদ্রাসায় প্রাথমিক অগ্নিনির্বাপণের নিজস্ব কোনো ব্যবস্থাই ছিল না। তাছাড়া ২ হাজার ৪০০ বর্গফুটের লাইব্রেরি কক্ষটি ইন্টেরিয়র ডিজাইন করা ছিল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং ইন্টেরিয়রে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণেই আগুন দ্রুত পুরো লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার বিষয় ছিল কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
এদিকে মাদ্রাসা ভবনটি ইমারত নির্মাণ বিধিমালা ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা (প্ল্যান) অনুমোদন নিয়ে নির্মাণ করা হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে রাজউক জোন-৮-এর প্রকৌশলী রঞ্জন মণ্ডল জানান, ভবনটি প্রায় ২০ থেকে ২৫ বছর আগের তৈরি। যেহেতু সেখানে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, তাই মানবিক ও পারিপার্শ্বিক কারণে এই মুহূর্তেই ভবনের প্ল্যান পাসের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যাচ্ছে না। পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল হলে এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা হবে এবং কাগজপত্র যাচাই করা হবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভোররাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, ১২৩ শতাংশ জমির ওপর অবস্থিত এই মাদ্রাসাটিতে তিনটি আবাসিক ভবন ও তিনটি টিনশেড ঘর ছাড়াও আলাদা রান্নাঘর, দোকান, লাকড়ি রাখার কক্ষ, ওয়াশরুম, জেনারেটর কক্ষ, দু'টি মসজিদ এবং একটি খেলার মাঠ রয়েছে। প্রতিষ্ঠানটিতে ৭৫ জন শিক্ষক ও স্টাফের পাশাপাশি মোট ১ হাজার ৪০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যার মধ্যে ১ হাজার ৩০০ জনই আবাসিক।
মাদ্রাসাটিতে নির্ধারিত মাসিক বেতন ৩ হাজার টাকা হলেও মাত্র ৬৫ জন শিক্ষার্থী পূর্ণ বেতন দিয়ে থাকেন। এছাড়া ১০১ জন শিক্ষার্থী ২ হাজার টাকা, ৯৯ জন শিক্ষার্থী ১ হাজার ৬০০ টাকা এবং বাকিরা পারিবারিক সামর্থ্য ও সুবিধা-অসুবিধা অনুযায়ী বিভিন্ন হারে বেতন দেন। এর বাইরে ৪৪ জন এতিম এবং ৭৫ জন সুবিধাবঞ্চিতসহ মোট ১১৯ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনা বেতনে এই মাদ্রাসায় পড়াশোনা করেন।