ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ

পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। গতকাল মঙ্গলবার সরকারি ছুটিসহ কয়েকদিনের বিরতির পর আবারও আশুলিয়ার জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সূত্র জানায়, এর আগে মঙ্গলবার সকালে নির্ধারিত সময়েই শিল্পাঞ্চলের সব কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কারখানায় গেলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ প্রথমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় শ্রমিকরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পালটা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এ সময় সংঘর্ষে অন্তত দুজন শ্রমিকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আহতরা হলেন— আলমগীর হোসেন, ও রাফিয়া বেগম। তারা উভয়ই স্টারলিং স্টাইলের শ্রমিক বলে জানা গেছে। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, আমাদের এখানে দুজন পোশাক শ্রমিক রাবার বুলেট ইনজুরি নিয়ে চিকিৎসা নিতে এসেছিল। এর মধ্যে রাফিয়া বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং আলমগীর প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

এ বিষয়ে শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই জামগড়া কিছুটা উত্তপ্ত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি : শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। গতকাল মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিশেষ নজরদারি ব্যবস্থা নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি জানায়, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত