ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গাজর যেভাবে খেলে মিলবে অধিক পুষ্টি

গাজর যেভাবে খেলে মিলবে অধিক পুষ্টি

ইফতারে ফলমূল এবং কাঁচা সবজির সালাদ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ভাজাপোড়া খাবারের চাইতে এ ধরনের খাবার অনেক বেশি স্বাস্থ্যকর। এমন খাবার খেলে পেট ঠান্ডা থাকে। গাজর তেমনই এক সবজি। সালাদ না করেও গাজর টুকরা করে খেয়ে নেওয়া যায়। অনেকেই আবার কাঁচা গাজর খেতে পারেন না বলে সেদ্ধ গাজর খেয়ে থাকেন। কারণ কাঁচা গাজরের চেয়ে সেদ্ধ গাজর দ্রুত হজম হয়। সেদ্ধ বনাম কাঁচা গাজর খাওয়ার ভালোমন্দ দিক সম্পর্কে জানালেন টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শম্পা শারমিন খান।

ভিটামিনের হিসাব-নিকাশ : গাজরে থাকে বিটা ক্যারোটিন। গাজর যেভাবেই খাওয়া হোক না কেন, খাওয়ার পর আমাদের দেহে এই বিটা ক্যারোটিন থেকে তৈরি হয় ভিটামিন এ। তবে গাজর যদি সেদ্ধ করে বা ভাপিয়ে নেওয়া হয়, তা থেকে ভিটামিন এ পাওয়া সহজ হয়। তবে কাঁচা খাওয়া হলেও যে ভিটামিন এ-র পরিমাণ খুব কম হয়, তা কিন্তু নয়।

অন্যদিকে, ভিটামিন সি আবার উত্তাপে নষ্ট হয়ে যায়। তাই গাজর কাঁচা খেলেই আপনি এর ভিটামিন সি পুরোপুরি পাবেন। সেদ্ধ বা ভাপালে ভিটামিন সি নষ্ট হবে।

গ্লাইসেমিক ইনডেক্স : গাজর সেদ্ধ বা ভাপানো হলে এর গ্লাইসেমিক ইনডেক্স বেড়ে যায়। গ্লাইসেমিক ইনডেক্স কী, তা একটু সহজ করে বলে রাখা যাক। যেসব খাবারে শর্করা আছে, সেগুলোর শর্করা রক্তে কত দ্রুত শোষণ হবে, তার মাত্রা বোঝা যায় গ্লাইসেমিক ইনডেক্স থেকে। গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ার অর্থ হলো ওই খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা তত দ্রুত বাড়বে। আর তা হুট করে কমেও যাবে। এটি স্বাস্থ্যের জন্য নেতিবাচক। বিশেষত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য। গ্লাইসেমিক ইনডেক্স কম হলে উল্টোটা ঘটবে। অর্থাৎ যে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স যত কম, তা তত বেশি স্বাস্থ্যকর। এই হিসাবে গাজর কাঁচা খাওয়াই ভালো।

আঁশের তফাত : গাজর কাঁচা খেলে এতে থাকা আঁশ আপনার পুরোপুরি কাজে আসবে। কোষ্ঠকাঠিন্য এড়ানো সহজ হবে। রমজান মাসে ভুল খাদ্যাভ্যাস বেছে নেওয়ার কারণে কেউ কেউ কোষ্ঠকাঠিন্যে ভোগেন। তাই এই সময় আপনি কাঁচা গাজর খেতে পারেন।

পর্যাপ্ত আঁশ গ্রহণ করা হলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। রক্তের খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কাজে আসবে আঁশ। তবে সেদ্ধ করলে বা ভাপিয়ে নিলে আঁশের কার্যকারিতা তুলনামূলক কম হবে।

শেষ কথা : সব বিচারে গাজর কাঁচা খাওয়াই ভালো। তবে কাঁচা গাজর হজমে কারও কারও সমস্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত