
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর লক্ষ্যে আজ শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আগেই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একটি কাঠামো উপস্থাপন করেছে মধ্যস্থতাকারী তিন দেশ- কাতার, তুরস্ক ও মিসর।
আলোচনার সঙ্গে পরিচিত দুটি সূত্রে বরাতে সেই কাঠামো প্রস্তাব তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। নাম প্রকাশ না করার শর্তে দুজন সূত্র জানিয়েছেন, প্রস্তাবিত কাঠামোর মূল বিষয়গুলির মধ্যে রয়েছে- ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুলাংশে হ্রাস করতে হবে এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। একই সঙ্গে হিজবুল্লাহ ও হুতির মতো এই অঞ্চলে ইরানের মিত্র গোষ্ঠীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। এক ইরানি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যে আলোচনায় অংশ নেওয়ার কথা, সেটি তুরস্কের পরিবর্তে ওমানে অনুষ্ঠিত হবে।
এই কূটনৈতিক উদ্যোগ এমন এক সময়ে শুরু হচ্ছে, যখন ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় পুরো অঞ্চল উদ্বিগ্ন।