
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গত বুধবার কেন্দ্রীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে ‘একতরফা’ বলে অভিহিত করে তিনি অভিযোগ করেন, এই চুক্তির মাধ্যমে সরকার ‘ভারত মাতাকে বিক্রি’ করে দিয়েছে। রাহুল গান্ধী এই চুক্তিকে ভারতের স্বার্থে একটি ‘পাইকারি আত্মসমর্পণ’ হিসেবে বর্ণনা করেন এবং দাবি করেন যে এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে এবং কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে।
বক্তব্য চলাকালীন রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ভারত মাতাকে বিক্রি করতে সরকারের লজ্জা করছে না কেন। তিনি অভিযোগ করেন, এই চুক্তির ফলে ভারত কার কাছ থেকে তেল কিনবে তা এখন আমেরিকা নির্ধারণ করবে। কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে দেন যে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে ভারতীয় বাজার ছেয়ে যাবে, যা দেশীয় কৃষকদের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।