
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় দুটি রুশ সামরিক বিমান শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এ তথ্য জানিয়েছে যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরাড। নোরাড জানায়, বুধবার শনাক্ত হওয়া দুটি রুশ সামরিক বিমানকে চিহ্নিত, নজরদারি ও প্রতিহত করতে তারা ১২টি যুদ্ধবিমান পাঠায়।
নোরাডের বিবৃতিতে বলা হয়, রুশ বিমান দুটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল এবং যুক্তরাষ্ট্র বা কানাডার সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করেনি। সংস্থাটি আরও জানায়, আলাস্কা ও কানাডার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) রাশিয়ার এমন তৎপরতা নিয়মিতই দেখা যায় এবং এটিকে তাৎক্ষণিক কোনো হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ডিআইজেড হলো আন্তর্জাতিক আকাশসীমার একটি নির্দিষ্ট এলাকা, যেখানে প্রবেশ করা সব বিমানকে নিজেদের পরিচয় জানাতে হয়।