
ভারত ও কানাডার মধ্যে ইউরেনিয়াম সরবরাহ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, এই চুক্তি দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ ব্যবস্থার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্বেগ জানায়।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশ অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়, যার মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতাও রয়েছে।
সফরের সময় দুই দেশ চলতি বছরের মধ্যেই একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা ঘোষণা করে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। বর্তমানে এই বাণিজ্যের পরিমাণ প্রায় ৯ বিলিয়ন ডলার।