
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি আবারও বৈশ্বিক নজরের কেন্দ্রে উঠে এসেছে, আর এর মূল কারণগুলোর একটি হলো সমুদ্র মাইন ব্যবহারের আশঙ্কা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন পাতা হতে পারে বা ইতোমধ্যে সীমিত আকারে বসানো হয়েছে। রয়টার্স ও দ্য গার্ডিয়ান বলছে, এমন আশঙ্কা থেকেই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই সরু প্রণালি দিয়েই পরিবাহিত হয়। সমুদ্র মাইন মূলত পানির নিচে বা পানির উপরিভাগের কাছাকাছি স্থাপন করা বিস্ফোরক ডিভাইস, যা জাহাজের উপস্থিতি শনাক্ত করে বিস্ফোরিত হতে পারে। এগুলো কখনও সরাসরি স্পর্শে, কখনও আবার জাহাজের শব্দ, পানির চাপের পরিবর্তন কিংবা চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন শনাক্ত করে সক্রিয় হয়।
আধুনিক মাইনগুলো এতটাই উন্নত যে, নির্দিষ্ট ধরনের জাহাজ শনাক্ত করে বিস্ফোরিত হওয়ার মতো করে প্রোগ্রাম করা যায়, ফলে এগুলো কেবল সামরিক নয়, বাণিজ্যিক জাহাজ চলাচলকেও গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে বলে জানিয়েছে রয়টার্স। দ্য গার্ডিয়ান ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাইন বসানোর কৌশল বা ‘মাইনলেইং’ সাধারণত বহুস্তরীয় পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা যায়, যুদ্ধজাহাজ থেকে সরাসরি মাইন ফেলা সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলেও এটি একমাত্র নয়। ছোট নৌকা বা বেসামরিক জাহাজ ব্যবহার করেও গোপনে মাইন বসানো সম্ভব, যা শনাক্ত করা কঠিন এবং হরমুজের মতো ব্যস্ত নৌপথে বিশেষভাবে কার্যকর।
সাবমেরিন থেকেও টর্পেডো টিউবের মাধ্যমে মাইন স্থাপন করা হয়, যা শত্রুপক্ষের নজর এড়িয়ে গভীর পানিতে বিস্তৃত এলাকাজুড়ে মাইনফিল্ড তৈরি করতে পারে। আবার বিমান বা হেলিকপ্টার থেকেও দ্রুত বড় এলাকায় মাইন ছড়িয়ে দেওয়া সম্ভব, বিশেষ করে সংকীর্ণ জলপথ অবরুদ্ধ করার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণগুলোতে উল্লেখ করা হয়েছে। হরমুজ প্রণালির ক্ষেত্রে এই কৌশলগুলোর গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এটি খুবই সংকীর্ণ এবং বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি করিডর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, যদি এখানে মাইন বসানো হয়, তবে খুব অল্প সংখ্যক মাইন দিয়েই কার্যত পুরো নৌপথ অচল করে দেওয়া সম্ভব। এমনকি মাইন থাকার গুজব বা আশঙ্কাই জাহাজ চলাচল ব্যাহত করতে পারে, বীমা খরচ বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও জানিয়েছে রয়টার্স।