
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে ভূমিধসে মাটিচাপা পড়েছেন ৩৩ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এই ভূমিধস ঘটে। খবর সাউথ চায়না পোস্টের। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, গানসু প্রদেশের ওই অঞ্চলটি পাহাড়ি এবং বৃষ্টি ও অন্যান্য কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে সেখানে বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসের শিকার ৩৩ জনের সবাই প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। এমনকি তারা কেউ রেনসাং গ্রামের বাসিন্দাও ছিলেন না। ভূমিধসের অল্প সময়ের মধ্যেই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করেন।